জোটগত নয় দলীয়ভাবেই উপজেলা নির্বাচন :নাসিম

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:৪০

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, স্থানীয় সরকারের এই নির্বাচনে জোটগতভাবে অংশগ্রহণ করবে না ১৪ দল। নির্বাচনকে অর্থবহ ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে জোটভুক্ত দলগুলো স্ব স্ব দলীয়ভাবে অংশ নিবে। গতকাল শুক্রবার ১৪ দলের পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় নাসিম এসব কথা বলেন।

বিএনপি উপজেলা পরিষদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরদিন ১৪ দলের অবস্থান স্পষ্ট করলেন নাসিম। নাসিম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ যেন ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। আশা করি, নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে এ দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং স্থানীয় সরকার শক্তিশালী ও প্রতিনিধিত্বমূলক হবে।

‘মনসুর আলীর আদর্শে  নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে’

এ দিকে, সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয়  যে চার নেতা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শহীদ এম মনসুর আলী। জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবনের বিশ্বস্ত রাজনৈতিক সহচর শহীদ এম মনসুর আলীর আদর্শ ও পথ অনুসরণ করেই নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি অবিচল আস্থা রাখতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান জানান তিনি।