আজ পিয়ালের কোরিওগ্রাফিতে আইকনিক স্টার অ্যাওয়ার্ড

আপডেট : ১২ মার্চ ২০২১, ২০:৪২

 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সন্ধ্যা ৭টায় সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড -২০২১ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজনটি আয়োজিত হচ্ছে। কাজের প্রতি নিষ্ঠা, সততা, পরিশ্রম, ন্যায়-নিষ্ঠা আর আর সামাজিক দায়বোধসম্পন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান হয়ে ওঠে সাধারণ মানুষের আইকন, সেরা মডেল, সেরা ব্যক্তিত্ব ও সেরা আদর্শ। তাই দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখা এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে চলচ্চিত্র ক্যাটাগরিতে ফেরদৌস, বুবলী, ইমন ও ববি, টিভিনাটক ক্যাটাগরিতে সজল, মেহজাবীন ও তানভীর, মডেলিংয়ে জাকিয়া মুন, রাজ মেনিয়া, মারিয়াকে এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বিসিএসিএল-এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট রাজু আলীম উপস্থিত থাকবেন। পুরো আয়োজনটির কোরিওগ্রাফি ও সমন্বয়ে রয়েছেন মডেল পিয়াল হোসেন। অনুষ্ঠানের প্রথম পর্বে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ থিম নিয়ে ফ্যাশন কিউ, এরপর আমন্ত্রিত শিল্পীদের গান ও সম্মাননা প্রদান।

অনুষ্ঠানটি প্রসঙ্গে পিয়াল হোসেন বলেন, ‘অনেকেই অন্য ব্র্যান্ডকে নকল করে। কিন্তু তার ধারাবাহিকতা থাকে না। আমি স্পষ্ট করেই বলতে চাই ভারতের আইআইফা অ্যাওয়ার্ডের আদলেই আমি এই শোটি করবো। যেখান প্রতিবছর বাংলাদেশি শিল্পীদের নিয়ে একাধিক দেশে অনুষ্ঠান করবো আমরা। অন্তত শুরুটা হোক। আমি চাই এর ধারাবাহিকতাটা রাখতে।’