কমলগঞ্জে গবাদি পশুর পিপিআর রোগের প্রাদুর্ভাব!

আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:০৯

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জ উপজেলায় পিপিআর রোগে আক্রান্ত হচ্ছে শত শত গবাদি পশু। এ রোগে আক্রান্ত হয়ে গত এক মাসে মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাচ্চাসহ প্রায় আড়াই শতাধিক ছাগল মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ছাগলের জ্বর, সর্দি ও নাক দিয়ে অবিরত পানি পড়া, এরপর পেটের পীড়া, পেট ফুলা ও সয়েমড় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছাগল মারা যাচ্ছে। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, আমি গত কিছুদিন ধরে এই সংবাদ শুনছি। তবে এতে মাধবপুর ইউনিয়নেই প্রায় আড়াই শতাধিক ছাগল মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাবেয়া বেগম বলেন, আমার ১৪টি ছাগল মারা গেছে। শমশেরনগর ইউনিয়নের মাঠ পর্যায়ের প্রাণী চিকিত্সক বশির মিয়া বলেন, কেছুলুটি গ্রামে এক ব্যক্তির দুটি গরুর বাচ্চা মারা গেছে। এছাড়া কৃষ্ণপুর গ্রামে অর্ধশতাধিক গরু ও মহিষ এ রোগে আক্রান্ত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেদায়াতউল্যাহ বলেন, মাধবপুর ইউনিয়নের চা বাগানসহ কয়েকটি গ্রামে ছাগলের মৃত্যুর সংবাদ শুনে ভ্যাটেনারি সার্জন শিমুল কান্তি মজুমদারের নেতৃত্বে একটি দল আক্রান্ত এলাকা তদন্ত করেন। অধিকাংশ ছাগল মারা গেছে পিপিআর রোগে। অন্য ছাগল ঠান্ডায় শ্বাসকষ্টে ভোগে মারা গেছে। তিনি আরো বলেন, আক্রান্ত এলাকায় পিপিআরের টিকাদান শুরু হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, পিপিআর ও ঠান্ডাজনিত রোগে ছাগলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণিসম্পদ বিভাগ এ এলাকায় পিপিআরের টিকা কার্যক্রম শুরু করেছে।