কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় স্মরণ অনুষ্ঠান
ইত্তেফাক রিপোর্ট
স্মৃতিচারণ, আলোচনা, আবৃত্তি, গান ও তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি প্রয়াত খোন্দকার ইব্রাহিম খালেদকে স্মরণ করেছে কচি-কাঁচার মেলা। গতকাল শুক্রবার বিকালে কচি-কাঁচা ভবনে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা। এতে সফল এই ব্যাংকার ও সংস্কৃতিজনের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন বক্তারা।
বক্তারা বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন সত্, নীতিবান, দেশপ্রেমিক ও মানবিক মানুষ। তিনি শিশুদের ভালোবাসতেন। দেশের ব্যাংকিং সেক্টরে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছিলেন তিনি। নীতির প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও অটল। একদিকে ছিলেন সফল ব্যাংকার, অন্যদিকে ছিলেন দক্ষ শিশু সংগঠক। তিনি মনে করতেন শিশুদের ভালো মানুষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যত্ প্রজন্ম একটি আদর্শ, সত্ ও মানবিক জাতি পাবে। সভার শুরুতেই কেন্দ্রীয় মেলার শিশু-কিশোররা ফুল ও গানে গানে মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এরপর খোন্দকার ইব্রাহিম খালেদের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
স্মৃতিচারণ করেন মেলার ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মো. মমিন উল্লাহ পাটোয়ারী, বি পি বি আই বি এম এর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, মেলার অন্যতম সহসভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান প্রমুখ। পরিবারের পক্ষে বক্তৃতা করেন অনুজ খোন্দকার মোহাম্মদ খালেদ। ভিডিওবার্তায় স্মৃতিচারণ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও মেলার ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. এ টি এম শামসুল হুদা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, ড. আতিউর রহমান, এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান মাহফুজা খানম হেলেন।
