নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের সেনা আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:৫১

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ার পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি থেকে মিয়ানমারের সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাকে  ভাল্লুকখাইয়া সীমান্তের ৪৯ নম্বর সীমান্ত পিলারের পাশের হাতিছড়া এলাকা থেকে আটক করা হয়। আটক সেনা সদস্যের নাম অংবোথিন। এ সময় তার পরনে ছিল মিয়ানমারের সেনাবাহিনীর পোশাক।

বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল বায়েজিদ খান বলেন, বৃহস্প?তিবার রাতে অংবোথিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের সেনাবাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য দাবি করেছেন। বর্তমানে তিনি মিয়ানমারের বান্ডুলা ৫০ ক্যাম্পে দায়িত্বরত রয়েছেন বলেও জানিয়েছে অংবোথিন।

কক্সবাজার বিজিবির রিজিওনাল কমান্ডার বি.জেনারেল আইনুল মোর্শেদ খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আটক মিয়ানমারের সেনা সদস্যকে ফেরত পাঠানোর জন্য বিজিবি’র পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।