লালমোহনে স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজি কেটে নিল সন্ত্রাসীরা

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:৩৮

ভোলার লালমোহনে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের (৪৫) ডান হাতের কব্জি কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকালে উপজেলার চরভুতা ইউনিয়নের কক্সবাজার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার জসিম উদ্দিন ঐ ইউনিয়নের বাংলা বাজার এলাকার বাসিন্দা নুর মিয়া চৌকিদারের ছেলে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক তানজিম হাওলাদার জানান, শুক্রবার দুপুরে চরভুতা ইউনিয়নে একটি শালিসি বৈঠকে একই এলাকার নুরুল হক নুরু নামের এক ব্যক্তির সঙ্গে জসিমের কথা কাটাকাটি হয়। বিকালে কক্সবাজার মোড় দিয়ে উপজেলা শহরে যাওয়ার পথে নুরুল হক নুরু জসিমের হোন্ডা থামিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। ঘটনার পর জসিম রাস্তায় পড়ে ছটফট করতে থাকলে পথচারীরা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিত্সকরা।

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং আসামি ধরার চেষ্টা চলছে।