ঢাকা-সিলেট ছয় লেনের সঙ্গে সুনামগঞ্জকে যুক্ত করার দাবিতে সমাবেশ

আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:৩৮

সুনামগঞ্জ-৪ আসনের এমপি ও বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ঢাকা-সিলেট ছয় লেন সড়কের সঙ্গে সুনামগঞ্জ এবার যুক্ত না হলে আর কোনোদিন হবে না। তাই দাবি আদায়ে সুনামগঞ্জ জেলার সকল এমপিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আসুন আমরা সবাই মিলে অধিকার আদায়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে যাই। প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নের ব্যাপারে উদার। তিনি আমাদের কখনো খালিহাতে ফিরিয়ে দেননি।

‘ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের সঙ্গে সুনামগঞ্জ-সিলেট সড়ক অন্তর্ভুক্ত ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সক সংকট দূর করার দাবিতে বৃহস্পতিবার সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ‘সুনামগঞ্জবাসী’ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাবেশে সুনামগঞ্জ সদর ও বিম্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার মানুষ অংশ নেন। বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমাবেশে পীর মিসবাহ বলেন, প্রনধানমন্ত্রীর বরাদ্দ আর জনগণের সম্পদ নিয়ে রাজা-রানির খেলা চলতে দেওয়া হবে না। যেখানে দুর্নীতি হবে সেখানেই জগণের কাছে জবাব দিতে হবে।

জেলার স্বাস্থ্যসেবার বেহাল দশা তুলে ধরে তিনি বলেন, জেলার ৩০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির একমাত্র জায়গা সুনামগঞ্জ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে ডাক্তার, নার্স ও টেকনেশিয়ানের পদগুলো শূন্য। ৬০ জন ডাক্তারের স্থলে মাত্র ১৪ জন রয়েছেন। এতে মানুষ চিকিত্সাসেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আমি সংসদে, সংসদের বাইরে এনিয়ে কথা বলেছি। লাভ হয়নি। হাসপাতালটিতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি থাকার পরও জনবলের অভাবে সেবা পাচ্ছে না মানুষ।

জেলায় চলমান ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার কৃষকের বছরের একটি মাত্র ফসল রক্ষা করতে ১৩৩ কোটি টাকার বিশাল বরাদ্দ দিয়েছে। কিন্তু এক্ষেত্রে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ, নির্মাণের ক্ষেত্রে অনিময়-দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ আসছে সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে।

সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান সামছু, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোশনূর, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার,  ‘হাওর বাঁচাও’ আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাপা নেতা রশিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা জাপার সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, সুনামগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর পেয়ারা বেগম প্রমুখ।