সরিষাবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০০:২২

জামালপুরের সরিষাবাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। শুক্রবার (১২মার্চ) সন্ধ্যায় কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে তৃষা খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তৃষা খাতুন ওই গ্রামের শাহা আলমের স্ত্রী। 

সরিষাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, এক বছর আগে শুয়াকৈর গ্রামের রহিম উদ্দিনের ছেলে শাহা আলমের সঙ্গে একই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা গ্রামের রেজাউল মন্ডলের মেয়ে তৃষা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

 

শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন শাহা আলমের ঘরের ধর্নার সঙ্গে তৃষা খাতুনকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

সরিষাবাড়ি থানার ওসি ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 ইত্তেফাক/জেডএইচডি