ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট : ১৩ মার্চ ২০২১, ১১:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফায়েজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত ফায়েজ নিমবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে। সংঘর্ষে আহতদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সাথে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ইত্তেফাক/এএএম