জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো: মশিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি দেশের অন্যতম বৃহত্তম দল। আগামীতে আমরা কাদের সঙ্গে বন্ধুত্ব করব সময়ই তা বলে দিবে। ক্ষমতায় গিয়ে যারা আমাদের বলে মাঠে থাকতে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে চাই না।
তিনি শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় জাতীয় পার্টির মহানগর শাখার অফিস উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর মহানগর জাতীয় পাটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পাটির মহানগর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ, ফারুক হোসেন খান, যুগ্ম সম্পাদক মোস্তফা কমাল, ইসমাইল হোসেন, আব্দুস সোবাহান প্রমুখ।
তিনি আরো বলেন, আমরা এখন সত্যিকার অর্থে বিরোধী দল। সংসদে আমরা শক্তিশালী ভূমিকা রাখব। জাতীয় পার্টির শক্তি এখন অনেক বেশি। আমরা চাইলে অনেক কিছু ওলটপালট করে দিতে পারি। আমরা শুধু বিরোধী দলে থাকতে চাই না। রাজনৈতিক শক্তি সঞ্চয় করে আগামীতে আমরা ক্ষমতায় যেতে চাই। আমাদের শুধু মাঠে থাকলে চলবে না, আমাদের মাঠ দখলে রাখতে হবে। জ্বালাও পোড়াও নয়, আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই। মানুষের উন্নতি করতে চাই। আমাদের মধ্যেও কিছু আগাছা আছে, এসব আগাছা দূর করতে হবে। আমাদের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না। বিভেদ থাকলে যুদ্ধে জয়লাভ করা যায় না।
