পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বর্ষা মৌসুমের আগেই সারাদেশে নদী ভাঙন প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ঝুঁকিমুক্ত করা হবে। এই সমস্যা সমাধানের জন্য অনেক মেগা প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি নতুন প্রকল্পের কাজও হাতে নেওয়া হয়েছে।
শনিবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় (আলুর বাজার ফেরিঘাট) নদী ভাঙন প্রতিরোধে ৮০০ মিটার এবং চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার ফেরিঘাট এলাকায় ৭২০ মিটার সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরসেনসাস ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পাউবো কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী জহীর উদ্দিন আহমেদ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, ইউএনও তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান।
ইত্তেফাক/ইউবি
