হেলস-রুশোর সেঞ্চুরি রেকর্ড গড়ে রংপুরের জয়

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০০:২৯

রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন বরাবরই ছিল বারুদে ঠাসা। অপেক্ষা ছিল বড়োসড়ো বিস্ফোরণের। সাগরিকার ব্যাটিং স্বর্গে গতকাল দেখা মিলল বিস্ফোরক ব্যাটিংয়ের। অ্যালেক্স হেলস, রাইলি রুশোর খুনে ব্যাটিংয়ে উড়ে গেল স্বাগতিক চিটাগং ভাইকিংস। ব্যাট হাতে চিটাগংয়ের বোলারদের বেদম প্রহার করেছেন তারা। আগ্নেয় মূর্তি ধারণ করে দুজনেই করেছেন সেঞ্চুরি। রেকর্ড বইয়েও নাম লিখিয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল হেলস-রুশোর জোড়া সেঞ্চুরিতে বিপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ চার উইকেটে ২৩৯ রানের স্কোর গড়েছিল রংপুর। এর আগে সর্বোচ্চ ২১৭ রান ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের গড়া, ২০১৩ সালে মিরপুরে। গতকাল প্রথমবার এক ইনিংসে জোড়া সেঞ্চুরি দেখল বিপিএল। ফ্র্যাঞ্চাইজ টি-২০ তে যা তৃতীয়বার ঘটল। দ্বিতীয় উইকেটে হেলস-রুশো গড়েছেন ১৭৪ রানের জুটি। এটিও বিপিএলে সর্বোচ্চ রানের যুগলবন্দি। বলা বাহুল্য, টি-২০’র দুই মহাতারকা ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের ধন্ধুমার ব্যাটিংয়ের প্রদর্শনী এখনও এবারের বিপিএলে মঞ্চস্থ হওয়ার বাকি রয়েছে।

হেলস-রুশোর কীর্তিগাথার একপেশে ম্যাচে গতকাল রংপুর ৭২ রানে পরাজিত করেছে চিটাগংকে। নয় ম্যাচে রংপুরের এটি পঞ্চম জয়। এক ম্যাচ কম খেলে চিটাগংয়ের দ্বিতীয় হার।

ছুটির দিনে গতকাল সাগরিকার গ্যালারি ছিল টইটম্বুর। চট্টলার ক্রিকেটপিয়াসীরা নিশ্চিতভাবেই পূর্ণমাত্রার বিনোদন উপভোগ করেছেন। গাঁটের পয়সা উসুল হলেও নিজেদের শহরের দলটাকে চিড়েচ্যাপ্টা হতে দেখাটা সিংহভাগের কাছে তিক্তকরই ঠেকেছে।

ইনিংসের দ্বিতীয় ওভারে গেইলের (২) বিদায়ের পরই শুরু হয় হেলস-রুশো শো। উইকেটের চারপাশে দুর্দান্ত সব শট খেলেছেন। চিটাগংয়ের বোলারদের দুস্বপ্ন উপহার দিয়ে দুজনই সেঞ্চুরি করেছেন। ১৫তম ওভারে আউট হওয়ার আগে হেলস ৪৮ বলে ১০০ রান করেন। যেখানে ১১টি চার ও পাঁচটি ছক্কা ছিল। তিন বল বেশি খেলা রুশো অপরাজিত ছিলেন ১০০ রান করে। আটটি চারের সঙ্গে ছয়টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। মিঠুন ১৫, নাহিদুল অপরাজিত ১১ রান করেন।

বিশাল রান তাড়া করতে নামা চিটাগংয়ের হয়ে একাই লড়েছেন ইয়াসির আলী। যদিও শেষ রক্ষা হয়নি। আট উইকেটে ১৬৭ রান করতে সমর্থ হয় চিটাগং। ইয়াসির আলী ৪৮ বলে ৭৮ রান করেন। শাহজাদ ২০, মুশফিক ২২ রান করেন। রংপুরের মাশরাফি তিনটি, ফরহাদ রেজা দুটি করে উইকেট পান। 

এর আগে দিনের প্রথম ম্যাচে অলক কাপালির নেতৃত্বে সিলেট সিক্সার্স ৭৬ রানে পরাজিত করেছে রাজশাহী কিংসকে। নয় ম্যাচে সিলেটের এটি তৃতীয় জয়। সমান ম্যাচে রাজশাহীর পঞ্চম হার। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ রান তুলেছিল সিলেট। জ্যাসন রয় ৪২, আফিফ ২৮, লিটন ২৪, সোহেল তানভীর অপরাজিত ২৩, অলক কাপালি অপরাজিত ১৬ রান করেন। রাজশাহীর মুস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট। জবাবে ১৮.২ ওভারে ১০৪ রানে অলআউট হয় রাজশাহী। ফজলে মাহমুদ ৫০, জাকির হাসান ১৬, ডেসকাট ১২ রান করেন। সিলেটের সোহেল তানভীর, নওয়াজ তিনটি করে, অলক কাপালি-তাসকিন দুটি করে উইকেট নেন। ১৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সোহেল তানভীর।