রুদ্ধশ্বাস জয়ে গ্রুপে উত্তাপ আনলো ক্রোয়েশিয়া

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:২১

উয়েফা নেশন্স লিগে বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়া রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে স্পেনের বিপক্ষে। ক্রোয়াটরা ৩-২ গোলের এই জয়ের ফলে সেমিফাইনালের স্বপ্ন তো বাঁচিয়ে রেখেছেই, নড়েচড়ে বসতে বাধ্য করেছে গ্রুপের শীর্ষে থাকা স্পেনকেও। তবে স্পেন কোচ লুইস এনরিকে এখনও সেমিফাইনালের আশা ছাড়ছেন না। এদিকে প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি।

ঘরের মাঠ জাগরেবে শুরু থেকেই স্পেনকে চেপে ধরেছিল স্বাগতিক ক্রোয়েশিয়া। তবে ফরোয়ার্ডদের ধারহীনতা এবং সমন্বয়ের অভাব এগিয়ে যেতে দেয়নি কোচ জ্লাতকো দালিচের দলকে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে ক্রোয়াটদের এগিয়ে দেন আন্দ্রেই ক্রামারিচ। কিন্তু তাদের এই লিড স্থায়ী হলো মাত্র দুই মিনিট। ৫৬ মিনিটে রিয়াল মাদ্রিদ সতীর্থ ইস্কোর পাস থেকে স্পেনকে সমতায় ফেরান তরুণ মিডফিল্ডার দানি সেবায়োস।

গোলটি হজম করে আবারও এগিয়ে যেতে মরিয়া হয়ে উঠে স্বাগতিক দল। ৬৯ মিনিটে ক্রোয়েশিয়ার লিড পুনরুদ্ধার করেন ফরোয়ার্ড টিন জেদভাজ। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে আবারো স্পেনকে সমতায় ফেরান অধিনায়ক সার্জিও রামোস। তবে যোগ করা সময়ে জেদভাজের দ্বিতীয় গোলে নাটুকে এক জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। 

হারের পরেও গ্রুপের শীর্ষেই আছে স্পেন। তবে রবিবার ওয়েম্বলিতে গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে আতিথ্য দেবে ইংল্যান্ড। দুই দলেরইও পয়েন্ট সমান চার করে। সেই ম্যাচে জয়ী দল চলে যাবে সেমিফাইনালে। তবে যদি ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে শেষ চারে যাবে চার ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করা স্পেন। দলটির কোচ লুইস এনরিকে খেলাঘর বাঁধছেন সে আশাতেই।

এনরিকে বলেন, ‘এটা বেশ কঠিন এক গ্রুপ। শেষ পর্যন্ত যেখানে সুযোগ ছিল। তবে এখনো আমাদের সামনে সুযোগ আছে।’

তবে ম্যাচের কথা উঠতেই স্পেন কোচ জানালেন আরো ভালো কিছুই প্রাপ্য ছিল তার দলের। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে দুই দলই দারুণ খেলেছে। প্রথমার্ধে আমরা শ্রেয়তর প্রতিপক্ষ ছিলাম এবং আমরা আরো বেশি কিছুর যোগ্য ছিলাম। কোনো পরিস্থিতিতেই হার আমাদের প্রাপ্য ছিল না।’

তিনি আরো বলেন, ‘দ্বিতীয়ার্ধে দলের খেলা আমার মনোপুত হয়েছিল। আমরা দুবার খেলার পরিস্থিতি পাল্টে দিয়েছিলাম। শেষ মিনিটে যখন তারা মরিয়া ছিল, জয়ের জন্য সর্বস্ব উজাড় করে দিচ্ছিল তখন ভাগ্যেরও কিছুটা সহায়তা পেয়েছিল তারা।’ তবে এনরিকে জানান জয়ের জন্য পর্যাপ্ত চেষ্টাই করেছিল তার দল। সাবেক বার্সেলোনা কোচ বলেন, ‘দ্বিতীয়ার্ধে ম্যাচটা জেতার জন্য আমরা পর্যাপ্ত চেষ্টাই করেছিলাম, কিন্তু তারা প্রতি-আক্রমণে আমাদের ধরে ফেলেছিল। খেলা নিয়ে আমি যথেষ্ট খুশি। উন্নতির আরো জায়গা আছে ঠিক কিন্তু আমি মনে করি না আমরা যোগ্য দল হিসেবেই হেরেছি।’

এদিকে নিজেদের মাঠ রেডবুল অ্যারেনায় রাশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের অষ্টম মিনিটেই জার্মানদের এগিয়ে দেন লেরয় সানে। ২৫ মিনিটে নিকলাস সুলের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুন করে ডাই ম্যানশ্যাফটরা। এরপর ৪০ মিনিটে সার্জ গ্নাব্রির গোলে ৩ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানি। দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ সৃষ্টি করেছিল তারা। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করে শেষে প্রথমার্ধের ব্যবধানেই ম্যাচটি জিতে নেয় কোচ জোয়াকিম লোর শিষ্যরা।

টানা দুই হারের পর এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জার্মানি কোচ। ম্যাচে দলের নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, ‘দারুণ একটা প্রথমার্ধ কাটিয়েছি আমরা, ম্যাচটা ভালোভাবে নিয়ন্ত্রন করেছি আমরা। শেষ কয়েক ম্যাচে নিচ থেকে খেলা গড়ে না উঠার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল আমাদের। আজকে কিছু মুহূর্তে আমরা তা করতে সক্ষম হয়েছিলাম।’