গতকাল শনিবার দুপুরের পর থেকে সজল সঘন মেঘ জমছিল ঢাকার আকাশে। গুমোট গরমে অনুভূত হচ্ছিল নিদাঘকাল। বিকাল সাড়ে ৪টার দিকে অকস্মাত্ চারদিকে দিনের আলো নিভিয়ে দিয়ে অন্ধকার ঢেকে নেয়। শুরু হয় তুমুল ঝোড়ো হাওয়া। উড়তে থাকে ধুলোবালি, গাছের শুকনো পাতা, পথের কাগজপত্র। অন্ধকারের আভায় ধূলিঝড় বেড়েই চলে। রাজধানীর আকাশ ধুলোয় ধূসর হয় ওঠে। এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার। অতঃপর নামে মৌসুমের প্রথম বৃষ্টি। প্রায় ১৫ মিনিট একটানা বৃষ্টিপাতে স্বস্তি ফিরেছে রাজধানীতে। সিক্ত হয় সড়কমালা। ধুলোর যন্ত্রণা কমে। বৃক্ষের পত্রপল্লবে দীর্ঘ দিনে জমে থাকা ধুলোর পুরো আস্তরণ ধুয়ে মুছে সবুজ-তরতাজা রূপ স্পষ্ট হয়। টানা কয়েক দিনের গরমের পর শীতল বাতাসে মেলে শান্তির পরশ।
কেবল রাজধানী ঢাকাই নয়, দেশের অন্তত ছয়টি জেলায় প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, বরিশাল ও সুনামগঞ্জ—এই ছয় জেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিরও খবর পাওয়া গেছে। এছাড়া উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে।
কালবৈশাখী ঝড়ের কারণে গতকাল বিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট নির্ধারিত সময়ে নামতে পারেনি। সেই সঙ্গে ঝড়ের মুখে চারটি ফ্লাইটের উড্ডয়ন স্থগিত রাখা হয়। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উত্সব গতকাল সন্ধ্যার পর থেকে শুরুর হওয়ার কথা থাকলেও হঠাত্ কালবৈশাখী ঝড় সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। ঝড়ে মঞ্চের চারদিকের প্যান্ডেল ছিঁড়ে পড়ে যায়, এমনকি মেলায় বসা বেলুন, পান সুপারির দোকান, অস্থায়ী হোটেল উড়ে যায়। আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম জানান, গতকাল বিকাল সাড়ে ৪টায় ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলের ঝড় বয়ে যায়। ৪টা ৩৫ মিনিটে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার। তবে ঢাকার বাইরে দেশের অধিকাংশ জায়গায় কালবৈশাখী হচ্ছে এ মৌসুেমে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গতকাল বিকালে বছরের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হানে সাভারে। তার আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, খুলনা ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত দেখাতে বলা হয়নি।
