স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট ২০১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ট্রিবিউন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার মাঠের ফাইনালে তারা ৪ উইকেটে হারায় চ্যানেল আইকে।
ফাইনালে চ্যানেল আই প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৪ উইকেটে ৮১ রান করে। সজীব দাস সর্বোচ্চ ৩৭ ও রাহুল রায় ২৪ রান করেন। জবাবে ৫ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় বাংলা ট্রিবিউন। ৪৩ রান করে বাংলা ট্রিবিউনের আবুল ফাইনালের ম্যাচসেরা হয়েছেন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ চ্যানেল আই দলের সজীব দাস। চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা, রানার্স আপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পান ৩ হাজার ও ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় ২ হাজার টাকা আর্থিক পুরস্কার।
এর আগে সকালে সেমিফাইনালে চ্যানেল আই ৪ উইকেটে ঢাকা ট্রিবিউনকে এবং বাংলা ট্রিবিউন ৩ উইকেটে হারায় চ্যানেল ২৪কে।
টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন বাংলা ট্রিবিউন ও রানার্সআপ চ্যানেল আই দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুবুল আনাম। স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে এবার ২৪টি দল অংশ নেয়।
