কানাডায় ডলি বেগমের মতো ইতিহাস গড়তে চান বাহাউদ্দিন

আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৭:২২

আগামী ২০২২ সালে কানাডার প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত শাহ বাহাউদ্দিন রাজধানী অটোয়ার পার্শ্ববর্তী নেপান আসন থেকে মনোনয়ন পেয়েছেন। এ আসনে তিনি লিবারেল পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কানাডার অন্টারিও পার্লামেন্টের সদস্য হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমের মতো শাহ বাহাউদ্দিনও এবার ইতিহাস গড়তে চান। 

তার বিরুদ্ধে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপনের বর্তমান এম পি পি কনজারভেটিভ পার্টির লিসা আন্নে ম্যাক্ললেড। তিনি একাধিক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী।

মনোনয়ন ঘোষণাকালে লিবারেল পার্টির নেতা সাবেক মন্ত্রী স্টিভেন ডেল ডুকা বলেন, ‘শাহ একজন দক্ষ ও যোগ্য প্রার্থী। শাহকে আমাদের দলে পেয়ে আমি খুব আনন্দিত।’ 

গাজীপুরের সন্তান প্রকৌশলী শাহ বাহাউদ্দিন ২১ বছর আগে কানাডায় আসেন এবং অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৪ সাল থেকে শাহ লিবারেল পার্টির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি অটোয়া ভ্যালির বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি, ঊষা মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড সোসাইটির মাতৃভাষা সংস্থার অন্যতম পরিচালক। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে শাহ বাহাউদ্দিন 

শাহ বাহাউদ্দিন নির্বাচনী প্রচারকালে ইত্তেফাককে বলেন, ‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ, আমি দীর্ঘ দিন ধরে দলের পক্ষে কাজ করছি। আমি বাংলাদেশি হিসেবে কানাডার মূলধারার রাজনীতিতে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশে আমি রাজনীতি করতাম না। তবে আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। কারণ, বঙ্গবন্ধু আর বাংলাদেশ সমান্তরাল।’ 

 

ইত্তেফাক/ইউবি