করোনাকালে নার্সদের ভূমিকার প্রশংসা স্বাস্থ্যসচিবের

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২২:১৪

বার্ষিক কর্ম সম্পাদনে সেরা স্বীকৃতি অর্জন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের

বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান করোনাকালে নার্সদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, বিভিন্ন সীমাবদ্ধতার পরও রোগীর পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন নার্সরা। ঝুঁকির মধ্যেও মমতা নিয়ে রোগীদের পাশে আছেন তারা। গতকাল রবিবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ‘হসপিটাল পেশেন্ট কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, একটিভ রোলস অব হেলথ কেয়ার টিম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় নিউরোসাইন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, বাংলাদেশের সব নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জগণ, বিভিন্ন হাসপাতালে কর্মরত সেবা তত্ত্বাবধায়ক ও উপসেবা তত্ত্বাবধায়ক, সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী, স্বানাপর মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ, স্বানাপর সদস্যসচিব মো. আনিছুর রহমান, বিএনএ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তরগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদনে (এপিএ) সেরা স্বীকৃতি অর্জন করল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) দক্ষতার সঙ্গে বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে শীর্ষ সেবার পুরস্কার দেওয়া হয়।