দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীসহ ৩ জনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার শীধলগ্রামের সাহাদুল ইসলামের ছেলের সাথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা কাটাবাড়ি ইউনিয়নের দক্ষিণ আশকুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে আদুরী বেগমের সাথে প্রায় ৪ বছর আগে বিয়ে হয়। এমতাবস্থায় সোমবার (১৫ মার্চ) ভোর রাত ৯ টার দিকে পারিবারিক কলহের জেরে গৃহবধূ আদুরী বেগম (২১) কে মারপিটে হত্যা করে গলার ওড়না দিয়ে পেঁচিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনার পর স্বামী আতিয়ার রহমান (২৪) পালানোর চেষ্টা করলে, পার্শ্ববর্তী এক প্রতিবেশী ৯৯৯-এ কল দিলে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত গৃহবধূর স্বামী ও শ্বশুর-শ্বাশুড়িকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, গৃহবধূর স্বামী আতিয়ার রহমান (২৪), শ্বশুর সাহাদুল ইসলাম (৫৫) ও শ্বাশুড়ি শাপলা বেগম (৪৮)।
এ বিষয়ে গৃহবধূর পিতা মো. শহিদুল ইসলাম জানান, শ্বশুর বাড়ির লোকজনসহ তার জামাই আতিয়ার রহমান মেয়েকে নির্যাতন ও পুনরায় যৌতুকের দাবী করতো কিন্তু সংসারকে টিকিয়ে রাখার জন্য কোন প্রতিবাদ করতে পারেন নি।
ঘটনার বিষয় নিশ্চিত করে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক ফজলার রশিদ জানান, ভোর রাতে গৃহবধূর লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর-শ্বাশুড়ি ও গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমএএম
