এই সময়ের তরুণীদের বেশ পছন্দ বিভিন্ন স্টাইলের স্লিভলেস কিংবা লম্বা কামিজের মতো ঢিলেঢালা কুর্তি। এটি পরতেও যেমন আরাম, তেমনি ফ্যাশনেবল হওয়ায় সব জায়গায় মানানসই। তরুণীদের পছন্দের পোশাক কুর্তির নানা খবর নিয়ে এবারের আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী
গরমের এই সময়ে পোশাকগুলো হওয়া চাই আরামদায়ক। এক রঙের পোশাকের ফ্যাশন বদলে একই পোশাকে কয়েক রঙের ব্যবহার এখন বেশি জনপ্রিয়। যারা গাঢ় রঙে স্বাচ্ছন্দ্য নন, ফ্যাশন ডিজাইনাররা ভেবেছেন তাদের কথাও। কাপড় হিসেবে সব সময়ের মতো রয়েছে সুতির জয়জয়কার। পাশাপাশি এন্ড্রি কটন, তাঁত, হাফ সিল্ক, সিল্ক, মসলিনটাও চলছে বেশ। তবে রেগুলার ডিজাইনের পোশাকেই আগ্রহ বেশি দেখা যাচ্ছে। প্রচন্ড গরমের কারণে আরামদায়ক কুর্তির ওপর ঝুঁকছে তরুণীরা। লেগিন্স ও জিন্সের সঙ্গে মানানসই এই পোশাকগুলো হতে পারে গরমের বিকেলের জন্য আদর্শ পোশাক। আরামদায়ক পোশাক হিসেবে সুতি কাপড়ও সব সময়ই জনপ্রিয়। এসব কুর্তিতে থাকছে ব্লক, কারচুপি, এপ্লিক, ভরাট এপ্লিক ও এমব্রয়ডারির কাজ। গরমে অনেকেই বেছে নেন হাতাকাটা পোশাক। তাই সুযোগে ফ্যাশন হাউজগুলোও এনেছে বাহারি হাতাকাটা কুর্তি। এই গরমে লেগিংসের সঙ্গে হাতাকাটা কুর্তি বেশ স্বস্তি দেবে। থ্রি-কোয়ার্টার ও ফুলহাতার কুর্তিও আছে। তবে বেশি চলছে হাতাকাটা। আবার কেউ চাইলে থ্রি-কোয়ার্টার হাতাকেও ভাঁজ করে স্লিভলেস বানিয়ে নিতে পারেন। স্লিভলেস কুর্তি দেখতে অনেকটাই শার্টের মতো। কুর্তি তৈরিতে বেশির ভাগ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে কটনকে। রঙের ক্ষেত্রে পিঙ্ক, পার্পেলসহ হালকা রংগুলো বাছাই করা হয়। এছাড়া সুতি কাপড়ের ওপর ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট ও হালকা সুতার কাজ থাকছে। কোথাও কোথাও লেস, বোতাম, ইয়োক দিয়ে বাড়তি বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। এছাড়া কুর্তিতে আলাদা করে চোখে পড়ে বোতামের ব্যবহার। নিচের অংশের কাটও ব্যতিক্রমী। গোলাকার, নৌকা, ভি ইত্যাদি কাট ব্যবহূত হয়েছে। আবার গোলাকার হলেও সামনের অংশের চেয়ে পেছনের অংশ খানিক নামানো কাটিংও আছে। কিছু কিছু কুর্তির ঘেরে ব্যবহার করা হয়েছে লেস। এ ধরনের কুর্তিও পরা হচ্ছে লেগিংস দিয়ে। এই কুর্তির সঙ্গে পরতে পারেন এক রঙের কিংবা শেডের কোনো ওড়না। কুর্তির কাপড়ের রঙের সঙ্গে মিলিয়ে বাছাই করতে পারেন ওড়নার শেড। কুর্তি পাওয়া যাবে ফ্যাশন হাউজ আড়ং, অঞ্জনস, মারলো, কে-ক্র্যাফট, জেন্টল পার্কসহ বিভিন্ন ফ্যাশন হাউজের আউটলেটে। আর দাম পড়বে এক হাজার একশ’ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। এছাড়া নিউ মার্কেট, গাউসিয়া, মৌচাকসহ বিভিন্ন মার্কেটেও পাবেন।
মডেল রিবা, তাবিন্দা ও জুঁই
স্টাইলিং সাবরিনা জামান
পোশাক মারলো
মেকআপ সুমন রাহাত
ছবি তপন
