ভিন্ন স্বাদে দেশি পদ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:২৯

দেশি পদের বেশি স্বাদের কথা সবারই জানা। চেনাজানা মাছ ও সবজির ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এবারের আয়োজন

রুই-বেগুন

উপকরণ :রুই মাছ ৮ পিস, বেগুন আধা কেজি, টমেটো ৩টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ও ধনে গুঁড়া আধা চামচ করে, লেবুর রস ২ চা চামচ, আস্ত জিরা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ভাজা মৌরি গুঁড়া আধা চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আস্ত কাঁচা মরিচ ৪/৫টি।

প্রণালি :রুই মাছ ভালো করে ধুয়ে লেবুর রস ও লবণ মেখে ১৫/২০ মিনিট রাখুন। এবার ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মেখে ভেজে নিন। তারপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা বেগুন ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে বেগুন ভেজে নিন হালকা ভাবে। এবার অন্য একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন, বাদামী হলে আস্ত জিরার ফোড়ন দিন। এবার সব বাটা ও গুঁড়া মসলা (মৌরি ও জিরা বাদে) কষিয়ে টমেটো ও বেগুন দিয়ে কষান। পরিমাণমতো পানি দিয়ে ভাজা মাছ বিছিয়ে দিন। এবার ঢেকে দিন। পানি প্রায় শুকিয়ে এলে মৌরি, জিরা গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। ৪/৫ মিনিট পর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

শিমের বিচিতে আড় মাছ

উপকরণ :আড় মাছ ৬ টুকরো, শিমের বিচি ২০০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ও ধনে গুঁড়া আধা চা চামচ করে, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪/৫টা, লেবুর রস ২ চা চামচ, তেল আধা কাপ।

প্রণালি :শিমের বিচির খোসা ছাড়িয়ে রাখুন। মাছ ভালো করে ধুয়ে লবণ ও লেবুর রস মেখে ১৫ মিনিট রাখুন। আবার ধুয়ে লবণ ও হলুদ মেখে মাছ ভেজে নিন। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজকুচি দিন। বাদামী হলে সব বাটা ও গুঁড়া দিয়ে মসলা দিয়ে কষিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে মসলা কষিয়ে শিমের বিচি দিন। শিমের বিচি দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে মাছগুলো বিছিয়ে দিন। এবার জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিন। শিমের বিচি সেদ্ধ হয়ে মাখা মাখা হলে মৌরি গুঁড়া, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে অল্প আঁচে রেখে ৩/৪ মিনিট পর নামিয়ে নিন। এবার পরিবেশন ডিশে ঢেলে দিন।