চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই বাদ্যযন্ত্রশিল্পী নিহতের ঘটনায় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ লরিচালক আলী আক্কাসকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলী আক্কাস কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মৃত মনু মিয়ার ছেলে। রবিবার গভীর রাতে পুলিশ চট্টগ্রামের শহরের পাকা রাস্তার মাথা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

চট্টগ্রাম যাওয়ার আগে যাত্রাবিরতিতে সতীর্থদের সঙ্গে হানিফ ও পার্থ (মাঝের দুজন)।ছবি: সংগৃহীত
গত শনিবার ভোরে সংগীতশিল্পীদের একটি দল চাঁদপুর থেকে কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটিকে নিয়ন্ত্রণহীন একটি লরি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়কের বাইরে ছিটকে পড়ে। এ সময় হানিফ আহমেদ ও পার্থ প্রতিম গুহ নামের দুই বাদ্যযন্ত্রশিল্পী নিহত এবং আরো ছয় জন আহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ হোসেন বলেন, মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় সেই লরির চালককে রবিবার রাতে চট্টগ্রাম থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/এএএম
