চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌপুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ এক জেলে নিহত হয়েছে। নিহতের নাম মাসুদ মিয়া (২২)।
সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে উপজেলার মোহনপুর এলাকার মেঘনা নদীতে সংঘর্ষের ফলে এ ঘটনা ঘটে। এ সময় দুই জেলেকে আটক করার পাশাপাশি ২৫ কেজি জাটকা, দুই হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়েছে।
নিহত মাসুদ মিয়া মুন্সীগঞ্জের কালীরচর এলাকা বাসিন্দা। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যরাতে মেঘনা নদীতে জাটকা ধরার কারণে একদল জেলেকে আটকের চেষ্টা করে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির টহল দল। এ সময় জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লাঠি ও ইটের টুকরো নিয়ে হামলা চালায়। এতে পুলিশ শটগানের এক রাউন্ড গুলি ছোড়ে।
এতে মাসুদ মিয়া গুলিবিদ্ধ হয়। তার বাম পায়ের হাঁটুর ওপরে গুলিটি লাগে। তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, চাঁদপুরের ষাটনল থেকে পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল টানা দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের ৬০ কিলোমিটার এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
ইত্তেফাক/টিআর
