সমালোচনা ও সম্মেলনের কথা তোলায় ছাত্রলীগের সভায় হট্টগোল

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৫:৪৩

বাংলাদেশ ছাত্রলীগের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সভাপতি-সাধারণ সম্পাদকের সাংগঠনিক কার্যক্রম নিয়ে সমালোচনা ও সম্মেলনের কথা তোলায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের ২৩-বঙ্গবন্ধু এভিনিউয়ে এ ঘটনা ঘটে। সভায় উপস্থিতি একাধিক নেতা ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ জরুরি সভা আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সভায় উপস্থিত সংগঠনের বেশ কয়েকজন নেতা জানান, ছাত্রলীগের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এক পর্যায়ে যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমরান কথা বলতে উঠে। তিনি কথা বলার সময় সম্মেলনের দাবি তুলেন। সম্মেলনের কথা উঠলে সভাপতি-সাধারণ সম্পাদক জানান, নেত্রী বললে তখন সম্মেলন হবে। তখন আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘নেত্রীকে আপনাদের বলতে হবে।’ সভাপতি তখন নেত্রীকে জানাবেন বলে জানান। তখন সহ-সভাপতি রাকিবুল হাসান নোবেল ও আরিফুজ্জামান ইমরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে। এ নিয়ে এ কথা কাটাকাটির এক পর্যায়ে কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনার পরিস্থিতি শান্ত করতে সভাপতি আল নাহিয়ান খান জয় রাকিবুল হাসান নোবেলকে সভা থেকে বের করে দেন।

একাধিক নেতা জানান, ছাত্রলীগের জরুরি সভায় সংগঠন নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। কিন্তু আলোচনা সমালোচনার মধ্যে কেউ তেড়ে আসবে এমন ধরনের ঘটনা কাম্য নয়। সভায় সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, রানা হামিদ, মো. মঈনুদ্দিন, সাইফ উদ্দিন বাবু, সৈয়দ আরিফ হোসেন, সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার রাজ, সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে যান। সেখান থেকে আসার পর প্রধানমন্ত্রী জুনের মধ্যে সম্মেলন দিতে বলেছেন এমনটা জানান ছাত্রলীগের একাংশ। তবে সভাপতি-সাধারণ সম্পাদক সহ আরেকটি অংশের দাবি, গণভবনে সম্মেলন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী ছাত্রলীগের কার্যক্রমের প্রশংসা করেছেন বলেও জানান তারা। 

তবে হট্টগোলের বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, সভায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।  
সম্মেলনের বিষয়ে তিনি বলেন, সম্মেলনের বিষয়ে কথা হয়েছিল। প্রাণপ্রিয় নেত্রী যখন সম্মেলনের আয়োজনের নির্দেশ দিবেন তখনই সম্মেলন দেয়া হবে। 
ইত্তেফাক/এমএএম