এবার টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক কর্তৃক ট্রাফিক পুলিশের এক এ টি এসআই কে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২ টায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ফটকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ফটকের সামনে দিয়ে চিকিৎসক মাসুদ রানা যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত রিক্সার সাথে ধাক্কা লাগে। এসময় ডা. মাসুদ রানা ওই রিকশা চালক নাসিরকে হাসপাতালের ভিতরে নিয়ে বেধড়ক পিটাতে থাকে। এই দৃশ্য দেখে ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক পুলিশের এটিএসআই সাইফুল ইসলাম এগিয়ে আসলে ডা. মাসুদ রানা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যকে ও পিটাতে থাকে।
ট্রাফিক পুলিশের এটিএসআই সাইফুল ইসলাম জানান, একটি বাচ্চা ছেলেকে মর্মান্তিকভাবে পিটানো দেখে আমি এগিয়ে গিয়ে ডা. মাসুদ রানাকে শান্ত করার চেষ্টা করি। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কিলঘুষি মারতে থাকে, পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন। এমন খবর ছড়িয়ে পড়লে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।
এ ব্যাপারে ডা. মাসুদ জানান, আমি রিকশা চালককে মারধর করা অবস্থায় হঠাৎ পুলিশ সদস্য এসে তার হাতে থাকা লাঠি দিয়ে আমাকে আঘাত করেন। পরে আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিই।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। যেহেতু উভয়ে সরকারি কর্মকর্তা, তাই সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/এমএএম
