সাভারে রোহান হত্যা, পুলিশের ওপর হামলা মামলার আসামি রকি গ্রেফতার

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৮

সাভারে চাঞ্চল্যকর রোহান হত্যা ও পুলিশের উপর  হামলা মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুল ইসলাম রকিকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার (১৫ মার্চ) রাতে পৌর এলাকার ব্যাংক কলোনীর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব তাকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, পূর্বের হত্যা মামলা ছাড়াও পুলিশের কর্তব্যকাজে বাঁধা,সরকারি কর্মচারীকে আঘাত ও আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় সাভার মডেল থানায় সন্ত্রাসী রকির নামে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, চাঞ্চল্যকার রোহান হত্যা মামলার এজাহারভূক্ত চার নম্বর আসামী রাকিবুল ইসলাম রকি। শনিবার রাতে ব্যাংক কলোনী এলাকার আয়েশা লাইব্রেরির পাশে সে সদলবলে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সাভার থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী রকিকে আটক করে। এ সময় তার সাথে থাকা ১৪/১৫ জন সহযোগী অতর্কিতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী রকিকে ছিনিয়ে নেয়। 
সন্ত্রাসীদের হামলায় আহত হন উপ পরিদর্শক ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাহমুদুল ইসলাম। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার এবং অভিযান চালিয়ে রকির তিন সহযোগীকে আটক করে। 


ক্যাপশনঃ হত্যা ও পুলিশের ওপর হামলা মামলার আসামী রকি। 


 ইত্তেফাক/এনএ