করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:১৪

করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য ঢাকার বিভিন্ন উপজেলা ও মহানগরে জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। 

মঙ্গলবার (১৬ মার্চ) তারিখে জেলা প্রশাসন ঢাকা’র উদ্যোগে ঢাকা জেলার উপজেলাসমূহ এবং মহানগরীর জনবহুল স্থানে করোনা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলার ৫ টি উপজেলা এবং মহানগরের শান্তিনগর, কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, সদরঘাট, সচিবালয়, বেড়িবাঁধ, জেলা জজ আদালত এলাকা, বায়তুল মোকাররম, লালবাগ, নিউমার্কেট, মিরপুরসহ মোট ১৫ টি স্পটে জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়। 

এসময় গরীব ও অভাবী লোকদের মধ্যে মোট ১২শ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ১শ৬৬ টি মামলায় ১শ৬৬ জন ব্যক্তিকে মোট ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, ঢাকার মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এমএএম