লিভারপুলকে জেতালেন জটা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৫৬

নিজের পূর্ব ক্লাবের বিপক্ষে গোল করে বর্তমান ক্লাবকে উদ্ধার করলেন লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ডিয়েগো জটা। প্রিমিয়ার লিগে এই পর্তুগিজের একমাত্র গোলে গত সোমবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ ব্যবধানে হারিয়েছে য়ুর্গেন ক্লপের দল। গত গ্রীষ্মে উলভস থেকে লিভারপুলে যোগ দেওয়া জটা মৌসুম শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। এরপর হাঁটুর চোটে বড় সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। ডিসেম্বরে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল জটার অনুপস্থিতিতে শিরোপার লড়াই থেকে তো ছিটকে যায়ই, শীর্ষ চারের লড়ায় থেকেও নিজেদের হারিয়ে ফেলে প্রায়। ফেরার পর সোমবারই অলরেডদের হয়ে প্রথম গোল করেন জটা। তার গোলে ক্লপ বাহিনী ৩ পয়েন্ট নিশ্চিত করলেও ম্যাচশেষে আলোচনার কেন্দ্রে চলে আসে আরেকটি ঘটনা। ম্যাচের শেষদিকে উলভস ডিফেন্ডার কনর কোডির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতরভাবে আহত হন তাদের গোলরক্ষক রুই প্যাট্রিসিও।