গিনেস বুকে স্থান পেল ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২২:২১

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বাংলাদেশের ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। গতকাল মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে রেকর্ডটি যুক্ত হয়েছে। কোনো নেতার গিনেস বুকে ‘লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক (ইমেজ)’ শাখার নতুন রেকর্ড এটি।  সম্প্রতি শস্যের মাধ্যমে বঙ্গবন্ধুর অবয়ব ফুটিয়ে তোলার কার্যক্রমটি পরিদর্শন করে গেছে গিনেসের প্রতিনিধিদল। এক সপ্তাহ পরই সেটি গিনেস বুকে অন্তর্ভুক্ত হলো রেকর্ড হিসেবে। আগের রেকর্ডটি চীনের দখলে ছিল। 

বগুড়ার স্টাফ রিপোর্টার মিলন রহমান জানান, শেরপুরের বালেন্দা গ্রামে প্রকল্পের জন্য একত্রে ১২০ বিঘা জমি কৃষকদের কাছ থেকে ছয় মাসের জন্য লিজ নেওয়া হয়েছে। এরপর সেখানে চীন থেকে আমদানি করা বেগুনি ও সবুজ (যা সোনালি বর্ণ ধারণ করবে) দুই ধরনের হাইব্রিড ধানের বীজ রোপণ করা হয়।  চিত্রকর্ম বাস্তবায়নকারী ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারের ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, ২০১৯ সালে চীনে তৈরি শস্যচিত্রটির আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। আর আমাদের এই শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতির আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রটি দৈর্ঘ্যে ৪০০ মিটার এবং প্রস্থে ৩০০ মিটার যা বিশ্বের সর্ববৃহত্ শস্যচিত্র।