কাগজের মানুষে তারা

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২১:১২

আনন্দ বিনোদন প্রতিবেদক

নাটকের প্রিয় দুই মুখ সজল ও সারিকা আবারো একসঙ্গে  নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কাগজের মানুষ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. রবিউল সিকদার। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটির গল্পে দেখা যাবে, অন্ধকার থাকতেই আসমা বেগম কাজে বেরিয়ে পড়েন। রাজধানী শহরের রাস্তা পরিষ্কার করার কাজ করেন আসমা। দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শেষ করে অফিসে গিয়ে হাজিরা দিয়ে টাকা নেন। সেই টাকায় পিঠা বানিয়ে বাজারে বিক্রি করেন— যেন মেয়ে সায়মার বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকার ব্যবস্থা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির খবর জানতে সায়মার একসময় পরিচয় হয় পেপার বিক্রেতা সাবুর সঙ্গে। সাবু্ও অনেক সংগ্রাম করেই জীবন চালাচ্ছে। সকালে পেপার বিক্রি, আর বিকেলে টিউশনি করে। সায়মা ও সাবুর পরিচয় সূত্রেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘যেহেতু একজন পেপার বিক্রেতার চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছে তাই খুউব ভোর বেলায় উত্তরায় গিয়ে আমাকে শুটিং করতে হয়েছে। রবির নির্দেশনায় এর আগেও কাজ করেছি। রবির প্রত্যেকটি নাটকের গল্প জীবন-ঘনিষ্ঠ। যে কারণে অনেক শ্রম দিয়ে কাজ করলেও রেসপন্সটা দারুণ পাই। আমার বিশ্বাস, কাগজের মানুষ নাটকটির জন্যও ভালো সাড়া পাবো। কারণ রবি অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। আমরা যারা কাজ করেছি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সহযোগিতা করেছি।’

সারিকা বলেন, ‘গল্পের কারণেই মূলত এই নাটকে আমার কাজ করা। রবির নির্দেশনায় কাজ করে ভালো লেগেছে। যত্ন নিয়ে নিজের লেখা গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই নাটকে আমার সহশিল্পী হিসেবে অপু দি ও সজল ভাইকে পেয়েছি। দুজনই তাদের চরিত্রে অনবদ্য অভিনয় করার চেষ্টা করেছেন। আশা করছি কাজটি দর্শকের কাছে ভীষণ ভালোলাগার একটি কাজ হবে।’

পরিচালক রবিউল সিকদার বলেন, ‘আমার লেখা প্রত্যেকটি নাটকই নির্মাণের পূর্বে সিনেমা নির্মাণের মতোই প্রস্তুতি নিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু বাজেটের কারণে শেষ পর্যন্ত আর সেভাবে করে উঠতে পারি না।’ তিনি জানান, আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে এবং একটি ইউটিউব চ্যানেলে ‘কাগজের মানুষ’ নাটকটি প্রচার হবে।