আনন্দ বিনোদন প্রতিবেদক
রুনা খান। মঞ্চ, ছোটপর্দা, বড়পর্দা—তিন মাধ্যমেই কাজ করছেন তিনি। নাটকে এবং সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। এরইমধ্যে বিভিন্ন কাজে মেধার স্বাক্ষরও রেখেছেন। ধারাবাহিক নাটকে তাকে দর্শকরা খুব একটা দেখতে পান না। তবে ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকে ‘সালমা ভাবি’ চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান তিনি। লকডাউনের কারণে অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন। নতুন উদ্যমে আবার কাজ শুরু করেছেন তিনি। গত বছর কোভিডের কঠিন সময়ে ও সাম্প্রতিক অভিনয় ব্যস্ততা নিয়ে রুনা খান বলেন, ‘কোভিড শুরুর আগে সবশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকের শুটিং করি। এরপর গত বছরের ১৯ মার্চ খান জেহাদের পরিচালনায় একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছিলাম। সেটা এক দিনের পর আর করা হয়নি। এরপর তো লকডাউন শুরু হলো। মাঝে লম্বা সময় কাজ করিনি। বাসা থেকেও করোনা পরিস্থিতির কারণে নিষেধ ছিল কাজ করা। পরিস্থিতি একটু ঠিক হলে ৪ আগস্ট থেকে আবার কাজ শুরু করি। আবু হায়াত মাহমুদের পরিচালনায় কোরবানি ঈদের জন্য একক নাটকের কাজ করি। নাটকের নাম ‘বাফারজোন’। এরপর তো নিয়মিত কাজ করছি। বেশকিছু খন্ড নাটকের কাজ শেষ করলাম।’ টিভি নাটকের পাশাপাশি ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘ছিটকিনি’, ‘কালো মেঘের ভেলা’, ‘সাপলুডু’ সিনেমায় রুনা খান অভিনয় করে দর্শক ও নির্মাতার কাছে অন্যরকম গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সুঅভিনয়ের কল্যাণে তার ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো, বাচসাসসহ (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) বিভিন্ন অর্জন। নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘নতুন একটি সিনেমায় কাজ করছি। পঙ্কজ পালিত পরিচালিত সরকারি অনুদানের এ সিনেমার নাম ‘একটি না বলা গল্প’। এরইমধ্যে প্রথম লটের শুটিং বিক্রমপুরে শেষ হয়েছে। চলতি মাসে বান্দরবান, চট্টগ্রাম এলাকায় শুটিং হবে; এরপর ঢাকায় কয়েকদিন কাজ করলে এ সিনেমার কাজ শেষ হবে। এখানে আমার সহশিল্পী হিসেবে কাজ করছেন রওনক হাসান। এ সিনেমায় আমার চরিত্রের নাম থাকছে ‘আরিফা’।’ এই চরিত্র বিষয়ে জানতে চাইলে রুনা বলেন, ‘এ সিনেমার কাহিনিতে আরিফার জীবনের নানা সময়ের ঘটনা নানাভাবে উঠে আসবে। বিশেষ করে তার জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা থাকে, যা না জেনেই লম্বা সময় কেটে যায় আরিফার। জীবনের একটা পর্যায়ে গিয়ে আরিফা তা জানতে পারে। কাজটি নিয়ে আমি আশাবাদী।’ এছাড়া প্রদীপ্ত সাহার পরিচালনায় ‘আয়েশার সমুদ্রযাত্রা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সামনে কাজ করবেন এই অভিনেত্রী। দর্শক এতে আয়েশা চরিত্রে তাকে দেখতে পাবেন। সমপ্রতি বেশকিছু খন্ড নাটকে কাজ করেছেন রুনা। রুনা অভিনীত অরণ্য আনোয়ারের ‘জননীর মুক্তিযুদ্ধ’, আবু হায়াত মাহমুদের ‘স্বর্ণমানব ৪’, ‘মাস্টার প্ল্যান’সহ বেশ কিছু খন্ড নাটক শিগগিরই প্রচার হবে বলে জানা গেছে। এছাড়া হইচই অ্যাপে সমপ্রতি প্রচার হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ‘কষ্টনীড়’ নামের ৯০ মিনিটের কাহিনিচিত্র। ক্যারিয়ারের এই সময়ে এসে খুব বেশি কাজ করতে চান না রুনা খান। তবে কী ধরনের কাজ করতে চান? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘খুব কম কাজ করতে চাই এখন। কারণ গল্প কিংবা চরিত্র না টানলে সিরিয়াল করতে ভালো লাগে না। আর মাসে ৩০ দিন শুটিং করে ৩০টি চ্যানেলে আমাকে দেখা যাক—তা আমি চাই না। বরং অল্প কাজ করলেও যা করছি সেটা দর্শক গ্রহণ করছেন কি না বা মনে রাখছেন কি না সেটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
