রে জা উ ল ক রি ম খো ক ন
বলিউড সুপারস্টার আমির খান। যিনি নিজের অভিনীত চরিত্র, সহশিল্পী, অভিনেত্রী, ছবির গল্প, নিজের ফারফরমেন্স, লুক, মেকআপ, গেটআপ ইত্যাদি নিয়ে সব সময় ভীষণ খুঁতখুঁতে। সবকিছু একেবারে নিখুঁত হলে তবেই কোনো ছবিতে অভিনয়ের জন্য তিনি রাজি হন। বছরে একগাদা ছবিতে অভিনয়ের নজির নেই তার। তবে যে ছবিটিতে কাজ করেন তা থেকে দর্শকদের চোখ ফেরানোর অবকাশ থাকে না। তার অভিনীত একটি নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ মুক্তির অপেক্ষায় রয়েছে অনেকদিন ধরে। তবে এর ফাঁকে হঠাত্ করে নতুন একটি ছবির আইটেম গানে নেচে গেয়ে দারুণভাবে চমকে দিয়েছেন আমির খান। মুক্তি প্রতীক্ষিত ‘কোই জানে না’ ছবির ‘হার ফুন মওলা’ আইটেম গানটিতে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন তিনি। এই আইটেম গানে আমির খানের সঙ্গে রয়েছেন এলি আভরাম। গানটিতে দেখা যাচ্ছে শরীরে শরীর, পায়ে পা মেলাচ্ছেন এলি ও আমির। মুক্তিপ্রতীক্ষিত ছবিটির নায়ক-নায়িকা না হলেও স্রেফ একটি আইটেম গানের জুটি হিসেবে তারা দু’জন রীতিমতো ঝড় তুলেছেন। ‘হার ফুন মওলা’ গানটি ইউটিউবে ইতিমধ্যে কোটি কোটি দর্শক দেখেছেন। প্রচারের ক্ষেত্রে আমির খান-এলি আভরাম জুটির গানটি সবার আগে ছক্কা হাঁকিয়ে বেরিয়ে গেছে। সেখানে এলির সঙ্গে আমিরের কেমিস্ট্রি দেখে মুগ্ধ নেট-জনতা। সুপার ফিট অ্যান্ড হিট এই গান এখনো উষ্ণতা ছড়াচ্ছে সবার হূদয়ে।
দীর্ঘ প্রায় আড়াই বছর পর আচমকা একটি আইটেম গানে উপস্থিত হয়েছেন আমির। সাধারণত সহশিল্পীর ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে আমির খানের পর্দাসঙ্গিনী হওয়া চাট্টিখানি ব্যাপার নয়। তাই সবার কৌতূহল সঙ্গী হওয়া সুন্দরী ও আবেদনময়ী ফিগারের তরুণীটিকে নিয়ে। বলিউডের নামি-দামি জনপ্রিয় অভিনেত্রীদের অনেকেই মুখ ফুটে তার সঙ্গে সিন শেয়ার করার ইচ্ছা প্রকাশ করেও যখন সুযোগ পান না—সেখানে কে এই তরুণী যে আমির খানের সঙ্গিনী হয়ে পর্দায় বাজিমাত করলেন।
এলি আভরাম বলিউডে নতুন আনকোড়া মুখ নন। ৩০ বছর বয়সী এলি মূলত একজন সুইডিশ গ্রীক অভিনেত্রী। তবে এখন তিনি মুম্বাইয়ে বসবাস করছেন। ছোটবেলা থেকেই ভারতীয় সংস্কৃতি ও বিনোদন শিল্পের প্রতি তার আগ্রহ ছিল। ‘আমার যখন পাঁচ বছর বয়স তখন থেকেই হিন্দি সিনেমার নাচ গান আর রঙিন সাজ পোশাকের প্রতি দুর্বলতা জেগে উঠেছিল মনে’—এভাবেই বলিউডের অভিনেত্রী হওয়ার বাসনা জেগে উঠেছিল তার মধ্যে। এলি আভরাম বলেন, ‘সুইডেনের ভিডিও দোকান থেকে হিন্দি সিনেমার ক্যাসেট সিডি কিনে এনে নিয়মিত দেখতাম।’ সুইডেনে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তারপর ২০১২ সালে মুম্বাই চলে আসেন এবং একাধিক মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হন। একটি বিজ্ঞাপনে বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে মডেল হন তিনি। বলিউডে প্রথম অভিনয়ের সুযোগ আসে কমেডি থ্রিলার ছবি ‘মিকি ভাইরাস’-এ। তখন হিন্দি বলতে না পারলেও অনেক কসরত করে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল এলিকে। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় টিভি শো উপস্থাপক মনীষ পাল। দর্শক সেই ছবিটি দেখে এলিকে ‘ক্যাটরিনার মতো’ বলেছিলেন। এরপর জনপ্রিয় টিভি শো বিগ বস’র সপ্তম সিজনে একজন সেলিব্রেটি প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে সবার আরো বেশি নজর কাড়তে সক্ষম হন। ২০১৫ সালে তার অভিনীত কমেডি রোমান্টিক সিনেমা ‘কিস কিসকো পেয়ার করো’ মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার আরেক জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মা। এরপর তাকে ‘নাম শাবানা’, ‘পোস্টার বয়েজ’, ‘বাজার’, ‘ফ্রড সাইয়ান’, ‘জোবাইরা জোড়ি’, ‘মালাঙ’ প্রভৃতি বলিউডি সিনেমায় আইটেম গার্ল কিংবা ছোটখাটো রোলে দেখা গেছে। কয়েকটি দক্ষিণী সিনেমায়ও কাজ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে বলিউডে পদচারণা করে যতটুকু চমক সৃষ্টি করতে পারেননি এই তরুণী এবার আমির খানের পর্দা সঙ্গিনী হয়ে মাত্র একটি আইটেম গানে বাজিমাত করেছেন। এতদিন যারা তাকে দেখেও তেমন পাত্তা দেননি কিংবা গ্রাহ্য করেননি মোটেও— তারা এগিয়ে এসে শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন। সামাজিকমাধ্যমেও এলিকে নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে। মুক্তিপ্রতীক্ষিত ‘কোই জানে না’ ছবির মূল নায়ক নায়িকা কুনাল কাপুর-আমায়রা দাস্তরের বদলে আমির খান এলি আভরাম হয়ে উঠেছেন প্রধান আকর্ষণ। আমির খানের মতো একজন সুপারস্টার অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ হঠাত্ এভাবে পেয়ে যাবেন স্বপ্নেও ভাবেননি তিনি!
