তৌকীর আহমেদ একটি প্রতিষ্ঠান:মম

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২১:১৮

বিনোদন রিপোর্ট

 

অভিনেত্রী জাকিয়া বারী মম ক্যারিয়ারের শুরু থেকেই নিজের অবস্থান ঠিক রেখে কাজ করে যাচ্ছেন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও রেখেছেন সফলতার ছাপ। এরইমধ্যে বেশ কয়েকটি ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামীকাল ছবিটি মুক্তির কথা থাকলেও কিছু জটিলতায় তারিখটি পিছিয়ে যাচ্ছে বলে নির্মাতা তৌকীর আহমেদ জানিয়েছেন। নিজের নতুন ছবি ও তৌকীর আহমেদের সঙ্গে কাজ নিয়ে মম বলেন, ‘শুরু থেকেই আমি মানসম্মত কাজ করতে পছন্দ করি। গত্বাঁধা কাজ আমি কখনোই করিনি। করতেও চাই না। এই কাজটিও তেমনই। ছবিটি মুক্তি পেলেও সবাই তা বুঝতে পারবেন। আর চলচ্চিত্রে আমি যেভাবে কাজ করছি সেভাবেই এগিয়ে যেতে চাই। তৌকীর আহমেদ সম্পর্কে বলবো, তিনি একটি প্রতিষ্ঠান। তার সঙ্গে কাজ মানেই নতুন কিছু শেখা, নতুন অভিজ্ঞতা। অনেক গুছিয়ে কাজ করেন তিনি। সেটা তার একাধিক কাজ দিয়ে এরইমধ্যে প্রমাণ করেছেন তিনি। এমন গুণী মানুষের সঙ্গে কাজ করার মাঝেও অনেক আনন্দ আছে। ক্যারিয়ারে নতুন সফলতা যুক্ত হয়।’

এই ছবিটির বাইরে শিগগিরই মুক্তি পাবে মম অভিনীত ‘কন্টাক্ট ’ শিরোনামের একটি ওয়েব সিরিজ। বর্তমানে ওয়েব সিরিজে নানা দৃশ্য ও সংলাপ নিয়ে অনেকেই নেতিবাচক সমালোচনা করে থাকেন। এমন অবস্থায় জনপ্রিয় এই অভিনেত্রীর ওয়েব সিরিজে কাজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো সে ধরনের কাজ করি না। যারা এ ধরনের কাজ করছে তাদের কাছ থেকেই এ বিষয়ে ভালো জানতে পারবেন। কেন তাদের কাজের জন্য সবাইকে ভুগতে হবে? এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের।’

এছাড়া নতুন নতুন মাধ্যম যুক্ত হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদের কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানহীন কাজ যুক্ত হচ্ছে। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে ভালো কাজের ক্ষেত্রেও। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।