সৃজনশীল অংশে তোমাদের ০৭ টি প্রশ্নের উত্তর দিতে হবে

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৮:৫২

মো. মোস্তফা কামাল

প্রধান শিক্ষক

লেকসার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, কলাবাগান, ঢাকা

পরীক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা পাঠ্যবইয়ের বিষয়গুলো ভালোভাবে বুঝে পড়েছ। তুমি টেস্ট পেপারের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ যেসব আলোচ্য বিষয় আছে সেগুলো ভালোভাবে আয়ত্ব করেছ। ফলে পরীক্ষার হলে তোমার সকল প্রশ্ন সহজ মনে হবে। প্রতিটি বিষয় সমান গুরুত্ব দিবে। কোনো বিষয়কে খুব সহজ বা খুব কঠিন ভাববার কোনো কারণ নেই। কেননা সকল বিষয় তোমার উপযোগী করেই পাঠ্যপুস্তক লেখা হয়েছে। টেস্ট পেপারের প্রশ্নগুলো বারবার অনুশীলন করবে। দেখবে টেস্ট পেপারের কোন প্রশ্নই নতুন নয়। সকল প্রশ্নই তোমার জানা এবং পড়ার মধ্য থেকেই এসেছে। শুধু ভাষাগত পার্থক্য থাকতে পারে। সৃজনশীল অংশে তোমাদের ০৭ টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই সময়ের বিভাজন সঠিকভাবে করতে হবে। কোন প্রশ্নের উত্তর অযথা বড় না করে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিবে। তাহলে ভালো ফলাফল অর্জন করা তোমাদের জন্য সহজ হবে। প্রতিটি বিষয়েই অতি গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আছে। সে অধ্যায়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে আয়ত্ব করবে। বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারলে তা আয়ত্ব করা খুবই সহজ হবে। আশা করি তোমরা আমার কথাটি পরিষ্কার বুঝেছ।  বহুনির্বাচনি প্রশ্নগুলো ভালোভাবে পড়ে উত্তর দিবে। ভাল ফলাফল নিশ্চিত করার জন্য বহুনির্বাচনি প্রশ্নের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই বহুনির্বাচনি প্রশ্নের প্রতি অধিক যত্নশীল হতে হবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই এ অংশের উত্তর দেয়া ভালো। তোমার ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সঠিক হলে তোমাদের ফলাফল অবশ্যই ভালো হবে।  এ জন্য সম্পূর্ণ বইটি ভালোভাবে পড়তে হবে।