টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছেন কোস্ট গার্ড সদস্যরা। গতকাল বুধবার শাহপরীর দ্বীপঘাট থেকে এসব উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এন আমিরুল হক জানান, গতকাল ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সালেহ আকরাম (এক্স, বিএনভিআর) মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টহলে যায়। কিছুক্ষণ পর একটি ইঞ্জিনচালিত নৌকা শাহপরীর দিকে আসতে দেখে টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। তারা নৌকাটি না থামিয়ে শাহপরীর সমুদ্র তীরে রেখে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়। পরে ইঞ্জিন নৌকাটি তল্লাশি করে দুইটি বস্তায় ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে জব্দকৃত ইয়াবা ও ইঞ্জিন নৌকাটি সংশ্লিষ্ট আইনে মামলার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
