ছেলের বউভাতের দাওয়াত দিতে গিয়ে দুর্ঘটনায় মায়ের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৭:২৬

আত্মীয়দের ছেলের বউভাতের দাওয়াত দেওয়া হলো না লতিফা বেগমের। ছেলের মোটরসাইকেলের পেছনে বসে আত্মীয়দের দাওয়াত দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামে জনৈক রাসেলের রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফা বেগম (৪৫) ডুমুরিয়া উপজেলা সদরের হোটেল ব্যবসায়ী আব্দুল হালিম সরদারের স্ত্রী।

ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন জানান, সম্প্রতি লতিফা বেগমের সিঙ্গাপুর প্রবাসী ছেলে সাগরের বিয়ে হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলের পেছনে বসে নোয়াকাঠি গ্রামের আত্মীয়দের বউভাতের দাওয়াত দিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে সাহস গ্রামের জনৈক রাসেলের রাইস মিলের সামনে বালুভর্তি একটি ট্রলিকে সাইড দেওয়ার সময় লতিফা বেগম মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় ট্রলির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এসজেড