সপ্তাহে চার দিন কাজ, তিন দিন ছুটি!

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:০৪

বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করল স্পেন। বিশ্বে প্রথম হিসেবে অন্য এক ভাবনার প্রতিফলন ঘটিয়েছে ইউরোপের এই দেশ। পদক্ষেপ গ্রহণ করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি অনেক দেশ। সাহস করে সপ্তাহে চার দিনের কাজের রীতি চালু করে দিলো স্পেন।

করোনাভাইরাসের আবহে গোটা বিশ্ব যখন তটস্থ, পাল্টে যাচ্ছে সব দেশের কর্মসংস্কৃতি, লকডাউনে বেড়েছে বাড়ি থেকে কাজ করার প্রয়োজনীয়তা ও প্রবণতা, সে সবের মধ্যই স্বতন্ত্র ভাবে ভাবনাচিন্তা শুরু করে স্পেন। সপ্তাহে পাঁচ কর্ম দিবসের পরিবর্তে চার দিনের কাজের রীতি তৈরি করে কর্মচারীদের কিছুটা স্বস্তি দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছিল ইয়োরোপের এই দেশে। যা অবশেষে কার্যকর হল।

স্পেন সরকারের কাছে সপ্তাহে চার দিনের কাজের রীতি চালু করার প্রস্তাব জমা পড়েছিল। তা গ্রহণ করেছে প্রশাসন। অর্থাৎ প্রতি দিন আট ঘণ্টা করে সপ্তাহে মোট ৩২ ঘণ্টা কাজ করতে হবে স্পেনের নাগরিকদের। আপাতত পরীক্ষামূলক ভাবে এই প্রক্রিয়া চালু হতে চলেছে বলে জানানো হয়েছে। সরকারের এই মনোভাবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্পেনের একাংশের নাগরিক। আবার অনেকের মতে এর মাধ্যমে নষ্ট হতে পারে কর্মসংস্কৃতি। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তুলেছে স্পেনের প্রগতিশীল সমাজ ও শিল্পপতিদের একটা অংশ।

প্রস্তাবক বাম দলের তরফে জানানো হয়েছে, তারা দেশের ২০০টি সংস্থাকে এই রীতির আওতায় আনতে চায়। তাতে দেশের প্রায় ৬ হাজার কর্মী এবং শ্রমিক উপকৃত হবেন বলে জানানো হয়েছে। সময় কমলেও কর্মীদের বেতনে এর কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছে স্পেন সরকার। সপ্তাহে চার দিনের কাজের রীতি পরীক্ষামূলক ভাবে চালু হলেও বিষয়টি নিয়ে আলোচনা জারি বলে স্পেন সরকারর তরফে জানানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি