আপনাকে মেঘের মতো মনে হয়।
মনে হয় আকাশ ভাঙার পর পুড়ে যাওয়া বাতাস
আপনার আশ্রয়ে বৃষ্টির গান হয়, পাখি হয়।
আপনার সাদাকালো ছবিকে
ধ্রুব এষ-এর প্রচ্ছদ মনে হয়।
মনে হয়, জলরঙে চুপচুপে কালো রঙের লাইন ড্রইং,
জমিনটা শিশুদের হাতে আঁকা কাশফুল, সরিষা মাঠ।
আপনার পাগলামি, বাহারি দিনপঞ্জিকা
পাহাড়ের মতো মনে হয়, হরিত্ চোখের মতো মনে হয়।
মনে হয় ঘুমিয়ে পড়ি নদীর পাড়ে,
হাটের দিনে বটের পাতার জালে।
আপনাকে ইদানিং তুমি মনে হয়।
