পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্যের পক্ষিদিয়া চর থেকে দুইটি ইঞ্জিনচালিত নৌকা ও হরিণ ধরার ফাঁদসহ চার শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃতদের বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা পক্ষিদিয়া চরে অভিযান চালিয়ে ঐ চার হরিণ শিকারিকে আটক করে। আটককৃতরা হচ্ছে, বরগুনার তালতলি উপজেলার সকিনা গ্রামের মো. এনায়েত মুসুল্লি, আউয়াল হাওলাদার, সোনাঘাটা গ্রামের মো. ফরহাদ শিকদার ও আ. রহিম শিকদার। তাদের কাছ থেকে ইঞ্জিনচালিত দুইটি নৌকা, ৩০০ ফুট নাইলনের ফাঁদ, দুইটি চিংড়ি ধরা জালসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটক শিকারিদের বুধবার রাতে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
