জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনই ছিল শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তরুণ নেতৃত্ব ভবিষ্যত্ সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে— এই হোক জাতির পিতার জন্মশতবার্ষিকীর প্রত্যয়। বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আলোচনাসভায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘বঙ্গবন্ধু যা বিশ্বাস করতেন তাই ৭ই মার্চের ভাষণে ঘোষণা দিয়েছিলেন এবং তারই নেতৃত্বে যুদ্ধ জয় করে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ও অনন্য সংবিধান।’ সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু তার বিশালত্ব দিয়ে সব নেতাকর্মীকে ভালোবাসতেন এবং সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা দিতেন। এরই ফলে তিনি মহান নেতা হয়ে উঠেছিলেন। হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশের স্বাধীনতা পূর্ণতা পায়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপসচিব এস এম মঞ্জুর কবিতা আবৃত্তি, পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ, উপপরিচালক সামিয়া রুবাইয়াত হোসাইন ‘কারাগারের রোজনামচা’ থেকে পাঠ করেন।
