ভয়ডরহীন ক্রিকেট খেলবে বাংলাদেশ

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:৫৭

নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৭ ঘণ্টা। ডানেডিনে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ মার্চ শনিবার। ম্যাচ শুরু হবে নিউজিল্যান্ড সময় বেলা ১১টায়। আর তখন বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ভোর ৪টা। অগত্যা ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকালই হাজির হন তামিম ইকবাল।

গতকাল বাংলাদেশ সময় দুপুর ৩টায় ডানেডিন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেন ওয়ানডে অধিনায়ক। ওয়ানডে সিরিজ, প্রথম ম্যাচের প্রশ্ন-উত্তর ছাপিয়ে বড় হয়ে ধরা দিল তামিমের টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ানোর খবর। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন না এ বাঁহাতি ওপেনার।

তবে হ্যামস্ট্রিংয়ের ধাক্কা কাটিয়ে প্রথম ওয়ানডে খেলার জন্য প্রস্তুত তামিম। সিরিজের জন্য দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। হাসান, শরীফুলদের মতো তরুণ গতিময় ফাস্ট বোলাররা আশা যোগাচ্ছেন অধিনায়ককে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা ছাড়ছেন না তিনি। সিরিজে ভালো করার শর্ত হিসেবে তামিম বলেছেন, পুরো দলকে ভয়ডরহীন, ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।

ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরবেন জানিয়ে তামিম গতকাল বলেছেন, ‘আমি নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যক্তিগত কারণে টি-২০ সিরিজে থাকব না। দলকে শুভকামনা জানাচ্ছি।’

গতকাল নেটে ব্যাটিং করেছেন তামিম। প্রথম ম্যাচে তার খেলা নিয়েও শঙ্কা নেই। অতীতের চেয়ে এবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ফাস্ট বোলিং ইউনিটকে ভালো অবস্থানে দেখছেন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে সৌম্য সরকারকে ছয়-সাতে ব্যাটিং করতে হয়েছে। তামিম বলেছেন, এ সিরিজে একাদশে থাকলে সৌম্য টপ-অর্ডারেই ব্যাট করবেন। একাদশে তিন ফাস্ট বোলার থাকবে নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক। সঙ্গে অলরাউন্ডার হিসেবে আরো দুই বিশেষজ্ঞ বোলার, মোট পাঁচ বোলার নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে জয়ের খাতা খোলার মন্ত্র সম্পর্কে তামিম বলেছেন, ‘আমাদের ভয়ডরহীন, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আমাদের সবকিছুতে ইতিবাচক থাকতে হবে, যাই করি না কেন। যেহেতু আমাদের অতীত রেকর্ড ভালো না, এখানে সেহেতু ভিন্নভাবে কাজ করতে হবে। ভিন্নভাবে ভাবতে হবে।’

অধিনায়ক হিসেবে প্রথম বিদেশ সফরে ভালো কিছু উপহার দিতে চান তামিম। গতকাল বলেছেন, ‘যেহেতু এখানে আমরা ভালো কিছু করতে পারিনি, তো এখানে ভালো কিছু করার সুযোগ আছে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটা অসাধারণ একটি অর্জন হবে।’ নিউজিল্যান্ড শিবিরে কেন উইলিয়ামসন-রস টেলরের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য শাপেবর হবে মানছেন তামিম। 

বাংলাদেশ-নিউজিল্যান্ড

সিরিজের সময়সূচি

তারিখ          ম্যাচ                  ভেন্যু            সময়

২০ মার্চ        প্রথম ওয়ানডে      ডানেডিন       ভোর ৪টা (শুক্রবার)

২৩ মার্চ        দ্বিতীয় ওয়ানডে    ক্রাইস্টচার্চ      সকাল ৭টা

২৬ মার্চ        তৃতীয় ওয়ানডে    ওয়েলিংটন     ভোর ৪টা (বৃহস্পতিবার)

২৮ মার্চ        প্রথম টি-২০        হ্যামিল্টন       সকাল ৭টা

৩০ মার্চ        দ্বিতীয় টি-২০       নেপিয়ার       বেলা ১২টা

১ এপ্রিল       তৃতীয় টি-২০       অকল্যান্ড       বেলা ১২টা