বাগেরহাটে ২ ইউপি প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৯:৫৭

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের দুই ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডেমা গ্রামে বর্তমান সদস্য মো. সজিব তরফদার ও ইউপি সদস্য (মেম্বর) প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনার পর উভয় পক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার ডেমা ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সবার শরীরে শর্টগানের গুলির চিহ্ন পাওয়া গেছে।

ইউপি সদস্য সজিব তরফদারের ভাই সোহেল তরফদার জানান, আমার ভাই সজিব তরফদারকে হত্যার উদ্দেশ্যে মিন্টু তরফদার ও বাপ্পী শেখসহ তাদের সমর্থকরা আমাদের বাড়িতে আসে। এ সময় তারা আমার ভাইকে ডাকতে থাকে। পরে আমার ভাই বের না হলে আমার মা (সকিনা আক্তার) বাইরে বের হয়ে ডাকার কারণ জানতে চায়। এ সময় কোন কারণ ছাড়াই তারা গুলি বর্ষণ করে। এতে আমার মা (সকিনা আক্তার), রিপন তরফদার, মেহেরুন বেগম, সোহেল ও সুজা তরফদার গুলিবিদ্ধ হয়। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পী জানান, আমি গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমার সমার্থক নিয়ে দোয়া চাইতে বের হলে বিএনপির নেতা বর্তমান ইউপি সদস্য সজিবের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় আমাদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে সজিব ও তার লোকেরা। এ সময় আমার সমর্থক রুহুল আমিন গাজী, নওশের শেখ, মাহফুজ শেখ, রবিউল ইসলাম, রিন্টু তরফদারসহ ১০জন আহত হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাফিন মাহমুদ বলেন, সদর উপজেলার ডেমা ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

ইত্তেফাক/এমআর