সুস্বাদু ফল ত্বিনের বাণিজ্যিক চাষ

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:২০

আবুল কাসেম ভূঁইয়া

 

সারা বিশ্বে উত্পাদিত বিভিন্ন জনপ্রিয় এবং বিখ্যাত ফলের মধ্যে ত্বিন ফল অন্যতম একটি। অত্যন্ত সুস্বাদু, সুমিষ্টি, রসালো, সুঘ্রাণযুক্ত ফল হলো ত্বিন ফল। পৃথিবীর বিভিন্ন দেশে এই ত্বিন ফল বাণিজ্যিকভাবে চাষ করে থাকে। ত্বিন ফল উত্পাদনকারী দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, সৌদি আরব, সিরিয়া, জাপান, ইতালি, ইংল্যান্ড, মিশরসহ বিভিন্ন দেশ। বর্তমানে এই জনপ্রিয় এবং উচ্চমূল্যের ফল ত্বিনের চাষ আমাদের বাংলাদেশেও হচ্ছে। ঢাকার গাজীপুরে একটি প্রতিষ্ঠান বাণিজ্যিক ভিত্তিতে ত্বিন ফলের চাষ করছে। দীর্ঘ ছয় বছর ধরে আমাদের দেশে ত্বিন ফলের উত্পাদন নিয়ে গবেষণা করে সফল হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগৃহীত ১৪৭টি জাতের মধ্যে থেকে সাতটি উন্নতজাত নির্বাচন করা হয়। ত্বিন ফল সম্পর্কে ইসলাম ধর্মগ্রন্থে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ফলকে ঔষধি ফল হিসেবে আখ্যায়িত করা হয়।

বাংলাদেশের মাটি এবং জলবায়ু ত্বিন ফলের চাষের জন্য খুবই উপযোগী। সাধারণত সমতল জায়গা অথবা টবে ত্বিন ফলের চাষ করা হয়। এই গাছ এমন স্থানে রোপণ করতে হবে যেখানে পানি জমে না। চারা রোপণের আগে জমিকে ভালোভাবে সার দিয়ে তৈরি করে নিতে হবে। চারা রোপণের তিন মাসের মধ্যে ত্বিন গাছ ফলন দিতে শুরু করে। ত্বিন ফল গাছের বৈশিষ্ট্য হলো সারা বছর ধরে এই গাছ ফল দিয়ে থাকে। প্রথম বছরেই প্রতিটি গাছ চার কেজির অধিক ফলন দেয়। এই গাছ ১০০ বছর ধরে বাঁচলেও ২৪ বছর ধরে ফলন দিতে সক্ষমতা রাখে। ত্বিন গাছ যে কোনো আবহাওয়া সইতে পারে, যে কোনো প্রতিকূলতার মধ্যেও ত্বিন গাছ ঠিকে থাকতে পারে।

ত্বিন ফল চাষে তেমন শ্রম দিতে হয় না এবং খরচও অনেক কম লাগে। স্বল্প পুঁজিতে অধিক লাভ করা যায় ত্বিন ফল চাষ করে। বিদেশে এই ফলের উচ্চমূল্য এবং চাহিদা থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্যিক ভিত্তিতে ত্বিন ফলের চাষ হচ্ছে। আমাদের দেশে প্রতি কেজি ত্বিন ফলের দাম ১ হাজার টাকা। ত্বিন ফলের দাম বেশি হওয়ায় আমাদের দেশের অনেক চাষি ত্বিন ফলের চাষের ব্যাপারে আগ্রহী হচ্ছেন।