নির্মাতার বিগ বাজেটের ছবি দেখা যাবে ২০ টাকায়!

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:২৩

বিনোদন রিপোর্ট

 

যে ছবিটি মাত্র কিছুদিন আগে সেন্সর বোর্ড অপ্রদর্শনযোগ্য ঘোষণা করেছিল, সেই ছবিটির বিশেষ প্রদর্শনী হলো এফডিসির ফ্লোরে। চিত্র পরিচালক অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে ছবিটি।

মুক্তির আগে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে গতকাল সন্ধ্যায় মেকআপ ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে অনন্য মামুন জানান, আগামীকাল রাত ৮টায় আই থিয়েটারে মুক্তি পাবে মেকআপ।

একদিনে সাবক্রাইব করে ৫০ টাকা নয়, মাত্র ২০ টাকায় পুরো ছবিটি একবার দেখা যাবে। কিন্তু ১ মাস আই থিয়েটারে সাবক্রাইব করে অন্য ছবি দেখতে খরচ হবে ১৫০ টাকা।

লাইট ক্যামেরায় বন্দি সিনেমার শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তা নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ প্রমুখ।

উল্লেখ্য, পরিচালক অনন্য মামুন তার ‘মেকআপ’ ছবিটি আগেই সিনেমা হলে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ড কয়েকটি দৃশ্য ও সংলাপে আপত্তি খুঁজে পাওয়ায় প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছে।