‘গল্পটিতে ভালোবাসার এক ভিন্ন উপস্থাপনা রয়েছে’

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২০:৫৭

বিনোদন ডেস্ক

 

ফেব্রুয়ারি এলে ভাষা দিবস ও ভালোবাসা দিবস কেন্দ্র করে প্রচার হয় অনেক টিভি নাটক। যার প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়েছে। ভালোবাসা দিবস আগে থাকায় শোবিজ তারকাদের প্রস্তুতি এখন ভালোবাসা দিবসের নাটক নিয়ে। এ সময়ের জনপ্রিয় টিভি তারকা তৌসিফ মাহবুবও সেই ব্যস্ততায় রয়েছেন। সম্প্রতি তিনি ভালোবাসা দিবসের বিশেষ একটি নাটকে অভিনয় করলেন। ‘বিশ্বাস করলে পুরোটা, ভালোবাসলে সম্পূর্ণ’ শিরোনামে এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।

নাটকটির গল্পে দাম্পত্যজীবনে নানা ধরনের টানাপোড়নের গল্প উঠে আসবে। যেখানে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসাকে ভিন্নভাবে দেখানো হয়েছে। বিশেষ দিবসের নাটকের কাজ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘বেশ ভালো একটি কাজ হয়েছে। গল্পটিতে ভালোবাসার এক ভিন্ন উপস্থাপনা রয়েছে। সবার ভালো লাগবে আশা করি।’ নাটকটি ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।