শাল্লার হামলা: ২২ আসামির জামিন না মঞ্জুর

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২২:০৭

সুনামগঞ্জের শাল্লার উপজেলার সংখ্যালঘু নোয়াগাঁও গ্রামে হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত ২২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা সাতটায় গ্রেফতারকৃত ২২ আসামিকে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাল্লা জোনের দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানের আদালতে সোপর্দ করা হলে আদালত সবার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ। 

বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। 

সুনামগঞ্জের শাল্লায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের সমর্থকদের বিরুদ্ধে মন্দিরসহ  ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে বুধবার (১৭ মার্চ) নোয়াগাঁও  গ্রামের ৮৮ টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করেছে।এসময় গ্রামের ৫ টি মন্দির ভাংচুর করা হয়। 

নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মাওলানা মামনুল হককে কটাক্ষ করে কথিত স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বুধবার সকালে এই তান্ডব চালানো হয়। 

এ ঘটনায় ২০০০ জনকে আসামি করে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। গ্রামবাসীর পক্ষে দায়ের করা মামলার বাদী হয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রামের বাসিন্দা বিবেকানন্দ মজুমদার বকুল। এই মামলায় ৭০ জনের নাম উল্লেখ করে ও ২০০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে আসামী করা হয়েছে। অপরদিকে পুলিশের করা মামলার বাদী হয়েছেন থানার এসআই আব্দুল করিম।

ইত্তেফাক/এনএ