কেমন আছেন?
বেশ ভালো।
শুরুতে আপনার এখনকার ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই—
বরগুনায় আয়োজিত নজরুল সম্মেলন থেকে ফিরলাম।
৩ দিনের এই সম্মেলনে ২ দিন আমাদের শো ছিল। এছাড়াও আগামী মাসের ১২ ও ১৩ তারিখ কুম্ভু মেলায় আমরা নৃত্যনাট্য ‘সম্পূর্ণা’ পারফর্ম করবো। সেই প্রস্তুতি চলছে এখন। পাশাপাশি নতুন একটি নৃত্যনাট্য আমরা মঞ্চায়ন করবো। এটি নিয়ে বেশ ব্যস্ততা চলছে এখন। ২৭ ফেব্রুয়ারি নৃত্যনাট্যটি আমরা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করবো। এছাড়াও মার্চ মাসে ‘মায়ার খেলা’ শিরোনামে একটি নৃত্যনাট্য মঞ্চায়ন করবো।
আমাদের দেশে নৃত্যনাট্য দর্শকের খানিকটা অভাব আছে। আপনার অভিজ্ঞতা থেকে বিষয়টি নিয়ে কী বলবেন?
এটা সত্য যে অন্যান্য নৃত্যনাট্য আমাদের এখানে পৃষ্ঠপোষকতা কম। অন্যান্য নাট্যোত্সব বছরে কয়েকবার হয়। কিন্তু নৃত্যনাট্য উত্সব বছরে একটা বা কখনো হচ্ছেই না। তাই এটা বলবো অন্যান্য নাট্যোত্সবের চেয়ে নৃত্যনাট্যোত্সব অবহেলিত।
টেলিভিশনে নিয়মিত নাচের শো এখন আর হয় না। আপনারা যারা নৃত্যশিল্পী আছেন তাদের এ নিয়ে কোনো পরিকল্পনা করা হয়েছে কখনো?
টেলিভিশন হচ্ছে বাণিজ্যিক জায়গা। সেখানে টিভির অভিনয় তারকারাই শোতে নৃত্য পরিবেশন করেন। বাণিজ্যিক ঘরানার কাজ আমরা করি না। তবে আমাদের মতো করে টিভি কর্তৃপক্ষরা শো করলে আমরা পরিকল্পনা করবো।
আমাদের চলচ্চিত্রে এখন বাইরের দেশের কোরিওগ্রাফার নিয়ে আসে। আমাদের দেশের নৃত্যশিল্পীদের মূল্যায়নটা এখানে না থাকার কারণ হিসেবে কী বলবেন?
একটি ছবিতে আমি কাজ করেছি। কিন্তু তার অভিজ্ঞতা ভালো না। বিদেশিদের অনেক বাজেট দিয়ে আনা হয়। কিন্তু দেশের নৃত্যশিল্পীদের বাজেট অর্ধেকেরও কম। অথচ আমাদের নৃত্যশিল্পীরা আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।
