ফোনের কন্টাক্ট ব্যাকআপ রাখতে অ্যাপ্লিকেশন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:০৪

অ্যান্ড্রয়েড   কর্নার

তারিক রহমান

 

সময়ের সাথে সাথে নতুন নতুন স্মার্টফোন হাজির হচ্ছে ব্যবহারকারীদের সামনে। আর তাতে করে নিজের সদ্য কেনা ফোনটিকেও পুরোনো লাগে অনেকের কাছেই। ফলে দ্রুতই নিজের স্মার্টফোনটি বদলে থাকে অনেকেই। আবার নানা কারণেই নিজের ফোনটি হারিয়েও নতুন ফোনের দ্বারস্থ হতে হয়। এসব ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য সবচেয়ে কষ্টকর কাজ হয় নিজের ফোনের কন্টাক্টগুলোকে আপডেট করা। হয়ত আপনার আগের ফোনে হাজারখানেক ফোন নম্বর সংরক্ষিত ছিল। এতগুলো নম্বরকে নতুন করে আপডেট করা সত্যিকার অর্থেই যন্ত্রণাদায়ক একটি কাজ। তবে কন্টাক্টগুলোকে ফোনের পাশাপাশি ক্লাউডে সিনক্রোনাইজ করে নিলে সেই ঝামেলার কাজটি মুহূর্তের মধ্যেই খুব সহজে সম্পাদিত হয়। ঠিক এই কাজটি করার জন্যই কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশনের খবর তুলে ধরা হলো এই লেখায়।

 

ইনডিফেন্ড

ইনডিফেন্ড ব্যবহার করার জন্যই প্রথমেই নিবন্ধন করে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হয়। এই আইডি একাধিক অ্যান্ড্রয়েডের মধ্যে কন্টাক্ট ব্যাকআপ এবং রিস্টোরের জন্য অত্যাবশ্যক। একবার নিবন্ধন করে নিলেই এটি কন্টাক্ট বুকের সকল নম্বরকে ক্লাউডে সংরক্ষণ করে নেবে। এই সেবায় সংরক্ষিত সকল তথ্য এনক্রিপ্ট করে ইনডিফেন্ডের সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে তথ্যের নিরাপত্তা নিয়েও চিন্তার কিছু নেই। অ্যান্ড্রয়েডের জন্য এই সেবায় ফোনের আরও কিছু ডাটাও সংরক্ষণ করা যায়। এর ডাউনলোড লিংক https://play.google.com/store/ apps/details?id=export.contacts.cloud।

 

স্যানডিস্ক মেমোরি জোন

অ্যান্ড্রয়েডের কন্টাক্ট ব্যাকআপের জন্য আরেকটি অ্যাপ্লিকেশন স্যানডিস্ক মেমোরি জোন। এই অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনার ফোনের কন্টাক্টগুলোকে মেমোরি কার্ডে ব্যাকআপ করে রাখে। পরে সেগুলোকে আপনার পছন্দের কোনো ক্লাউড সার্ভিসে সংরক্ষণ করে রাখে। এই অ্যাপ্লিকেশনের ভেতরে থেকেই ড্রপবক্স, গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ, বক্স বা যেকোনো ক্লাউড সেবা নির্বাচন করে দেওয়া যায়। এতে পাসওয়ার্ড দিয়ে তথ্যকে সুরক্ষিত রাখার সুযোগও রয়েছে। এর ডাউনলোড লিংক https://play.google.com/store/search?q=contract+backup+।

 

এমসি ব্যাকআপ

এটি অ্যান্ড্রয়েডের একটি ফোনবুক ডায়ালার সেবা হলেও এর মাধ্যমেও সহজেই ফোনবুক বা কন্টাক্টের ব্যাকআপ রাখা যায়। এটি ইন্সটল করে নিলে অ্যান্ড্রয়েডের যাবতীয় কন্টাক্টকে একটি ভিএসএফ ফাইল হিসেবে সংরক্ষণ করে। অন্য যেকোনো অ্যান্ড্রয়েডে এই ফাইলটি কপি করে নিয়ে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে সরাসরি সব কন্টাক্টকে আবার ইমপোর্ট করে নেওয়া যায়। সিম কার্ডের কন্টাক্টের ব্যাকআপও নেওয়া যায় এতে। ডুপ্লিকেট কন্টাক্ট খোঁজার কাজটিও করে থাকে অ্যান্ড্রয়েডের এই অ্যাপ্লিকেশন। এর ডাউনলোড লিংক https://play.google.com/store/ apps/details?id=com.globile.mycontactbackup।

 

কন্টাক্ট ব্যাকআপ অ্যান্ড রিস্টোর

 

অ্যান্ড্রয়েডের জন্য তৈরি তুলনামূলকভাবে নতুন এই অ্যাপ্লিকেশনও কার্যকরভাবে কন্টাক্ট ব্যাকআপের কাজটি করে থাকে। সহজ ইন্টারফেসের এই অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডের সকল কন্টাক্টের ব্যাকআপ তৈরি করে সেগুলোর একাধিক কপি পিসিতেও সংরক্ষণের সুযোগ করে দেয়। আবার এই ব্যাকআপ কপি ইমেইল করেও রাখা যাবে। এর ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.HEbackup।