পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধনিচাবাড়িয়ার চর থেকে বনরক্ষীরা একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে। শনিবার (২০ মার্চ) সকালে মৃত রয়েল বেঙ্গল টাইগারের ময়নাতদন্ত রেঞ্জ সদরে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে সাত ফুট দৈর্ঘ্য এবং তিন ফুট ছয় ইঞ্চি প্রস্তের মৃত বাঘিনিটিকে উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় সুপতি স্টেশনের বনরক্ষীরা নিয়মিত টহল কালে শরণখোলা স্টেশনের ধনিচাবাড়িয়ার চরে মৃত অবস্থায় একটি বাঘ পড়ে আছে দেখতে পায়। খবর পেয়ে শরণখোলা স্টেশনের বনরক্ষীরা শুক্রবার রাত ৯টায় বাঘটিকে উদ্ধার করে রেঞ্জ সদরে নিয়ে আসে।
বাঘের ময়নাতদন্তকারী মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জি.এম. আব্দুল কুদ্দুস জানান, বাঘের দাঁতসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাঘটি এক সপ্তাহ আগে স্বাভাবিকভাবে মারা গেছে। বাঘটির নমুনা সংগ্রহ করা হয়েছে ফরেনসিক পরীক্ষার পরে প্রকৃত কারণ জানা যাবে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, বাঘটিকে রেঞ্জ সদরে মাটি চাপা দেওয়া হয়েছে।
এর আগে গত ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি কোকিলমনির কবরখালি এবং ২০১৯ সালের ২১ আগস্ট কটকা অভয়ারন্যের ছাপড়াখালি থেকে দুইটি মৃত বাঘ উদ্ধার করে বন বিভাগ।
ইত্তেফাক/এএএম
