বঙ্গবন্ধুর নামে দোয়া করায় চাকরি গেলো ইমামের!

আপডেট : ২০ মার্চ ২০২১, ১৫:৪৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ মার্চ) জুম্মার নামাজ শেষে তাঁর নামে মসজিদে দোয়া করায় চাকরি গেলো ইমামের। এ ঘটনায় এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বগুড়ার আদমদীঘির তালশন দক্ষিনপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

চাকরিচ্যুত ইমাম মাওলানা মো. সাদ্দাম হোসেন জানায়, সে গত ২ মাস যাবৎ বগুড়ার আদমদীঘির তালশন দক্ষিণপাড়া জামে মসজিদে ১২শ টাকা বেতনে মসজিদের ইমামতির চাকরিতে নিয়োগ পায় এবং সে সঠিক দায়িত্ব পালন করে আসছিলেন। সরকারি নির্দেশে মোতাবেক গত শুক্রবার জুম্মার ফরজ নামাজ শেষে মাওলানা সাদ্দাম হোসেন বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। মসজিদের সকল মুসল্লি মসজিদ ত্যাগ করার পর ঐ মসজিদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুস ছাত্তার সরকার ইমামের চাকরিচ্যুত করেন এবং ইমামকে মসজিদে আসতে নিষেধ করে দেন। এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

 

এ ব্যাপারে আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সারাদেশের সকল মসজিদে মসজিদে দোয়া হয়েছে। তালশন দক্ষিনপাড়া জামে মসজিদে বঙ্গবন্ধুর নামে দোয়া করার কারণে ইমামকে চাকরিচ্যুত করা কারণে ঐ মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা প্রয়োজন। 

এব্যাপারে মসজিদ কমিটির সভাপতি শফি আহম্মেদ মোবাইল ফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি অসুস্থতার কারণে ঢাকায় আছি। মসজিদের সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুস ছাত্তারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান।
ইত্তেফাক/এমএএম