বরিশালে আবাসিক হোটেলে যুবকের লাশ উদ্ধার, স্ত্রীসহ আটক ৬ 

আপডেট : ২০ মার্চ ২০২১, ১৮:০২

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নথুল্লাবাদ এলাকার আবাসিক হোটেল থেকে আল আমিন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ মার্চ) দুপুরে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে যুবকের গলায় দাগ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। 

এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের স্ত্রীসহ ৬ জনকে বরিশাল এয়ারপোর্ট থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি মৃতের স্বজনদের। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নথুল্লাবাদের শরীফ আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২৬ নম্বর কক্ষ থেকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত আল আমিন রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রান্সমিটার কোম্পানি প্রিন্স কর্পোরেশনের জুনিয়র অফিসার এবং বরিশালের উজিরপুর উপজেলার করমন্দাশা এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। 

মৃতের বাবা মোস্তফা হাওলাদার বলেন, মাসখানেক আগে প্রেমের সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আল আমিন ও নগরীর নিউ সার্কুলার রোড এলাকার হার্ট ফাউন্ডেশন গলির বাসিন্দা কবির হোসেনের মেয়ে এবং সরকারি বরিশাল কলেজের ছাত্রী ইসলাত জাহান মীমের। তবে এই সম্পর্ক ও বিয়ে মেনে নেয়নি মেয়ের পরিবার। ঢাকা থেকে এসে শুক্রবার এই হোটেলে ওঠে আল আমিন ও তার স্ত্রী। তিনি অভিযোগ করেন, ঢাকা থেকে আল আমিনকে ডেকে এনে এই হোটেলে বসে ঐ মেয়ের সহযোগিতায় এলাকার কিছু লোকজন এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আল আমিনকে। তিনি আরও বলেন, আল আমিনের সামনের মাসে আসার কথা ছিলো বরিশালে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। 

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ বিছানায় শোয়া অবস্থায় পেয়েছি। তার গলায় একটি দাগ রয়েছে। সে আত্মহত্যা করেছে না হত্যাকাণ্ড সেটা প্রাথমিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সিআইডির একটি টিম ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মীম, তারই এলাকার বাসিন্দা মানিক, সুজন ও সোহেলসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। 

ইত্তেফাক/এমএএম